স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ইমাম-মুয়াজ্জিন পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার শহরের পৌরবিপণিতে সংগঠনের কার্যালয়ে গোপন ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এসময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন শায়খ মাও. আব্দুল বছির, মাও. নজরুল ইসলাম ও মাও. ফখরুল ইসলাম খান।
এ উপলক্ষে সোমবার সকালে সংগঠনের কার্যালয়ে শায়খ মাও. সাজিদুর রহমানের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র আয়ুব বখত জগলুল। সভায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ মাও. আব্দুল বছির, সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাও. মুজিবুর রহমান, পূর্ববাজার জামে মসজিদের ইমাম মাও. আবু সাইদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শায়খ মাও.সাজিদুর রহমানকে সভাপতি, মাও. দিলওয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক ও মাও. মফিজুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আয়ুব বখত জগলুল ।
পরে মরহুম মাও. হারুনুর রশিদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের রূহের শান্তি কামনা করে অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়। এ সময় মরহুম মাও. হারুনুর রশিদের ছেলে হাফিজ মাও. আবিদ হাসান উপস্থিত ছিলেন।