- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে একটি গোষ্ঠী পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন’ এজন্য তিনি সব সময়ই নির্দেশ দেন উন্নয়ন কাজ যেন প্রত্যন্ত এলাকায় বেশি হয়। উন্নয়ন যেন হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে জন্য, প্রধানমন্ত্রীর নির্ধেশেই সবার কল্যাণে কাজ করছি আমরা।
মন্ত্রী বলেন, ইসলামের বিরুদ্ধে সরকার কোন কাজ করবে না, একটি গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনীতির লাঠি হিসেবে ব্যবহার করছে। তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, এসব কথায় কান দিবেন না, ইসলামের অবমাননা হয়, এমন কোন পদক্ষেপ সরকার নেবে না।
মন্ত্রী বলেন, যারা রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙেছে, ভাঙার হুমকি দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ বিষয়ক সেমিনারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবার সময় পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
সুনামগঞ্জের
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ প্রকল্পের পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান, মাওলানা.নুর উদ্দিন আহমদ প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও মুজিববর্ষের লগো সম্বলিত লালসবুজ রঙের ছাতা শতাধিক ইমাম ও আলেম ওলামাকে উপহার দেন মন্ত্রী। ইমানবৃন্দ বাংলাদেশের সকল মানুষের সমান মর্যাদা প্রতিষ্ঠা হওয়ায় সরকারের ভূমিকায় প্রশংসা করে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। পরে আলেমবৃন্দ মোনাজাত পরিচালনার মাধ্যমে দেশে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানান।
ইসলামিক ফাউন্ডেশন এই কর্মশালায় ১১ উপজেলার শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।

  • [১]