স্টাফ রিপোর্টার
রইসুল ইসলাম, বয়স ২০। বাড়ি তাহিরপুর সীমান্তের কলাগাঁও গ্রামে। তিনি গ্রামের মাইজহাটি মোড়ের আব্দুল মান্নানের ছেলে। শুক্রবার সন্ধ্যায় টেকেরঘাট শহীদ মিনারের রাস্তা থেকে ওই যুবককে ৩৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করে।
শুধু রইসুল ইসলামই নয়, এভাবে বিভিন্ন এলাকার যুবকরা জড়িয়ে পড়ছে মরণ নেশার মাদক ইয়াবা ব্যবসায়। শুধু ব্যবসায়ই নয় তারা এসব মাদক গ্রহণও করে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাহিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই উপজেলার বিন্নাকুলি বাজার থেকে ১৮৩ পিস ইয়াবাসহ আলিমুল শাহ জোবায়ের নামের এক যুবককে আটক করে পুলিশ। আটককৃত আলিমুল শাহ উপজেলার বাদাঘাট এলাকার মোছাব্বির শাহ’র ছেলে। এই ঘটনার মাত্র দুই দিন পর পার্শ্ববর্তী এলাকায় ৪৫০ পিস ইয়াবাসহ কামরাবন্দ গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে মো. সুজাত মিয়াকে পুলিশ আটক করে। ওই দিন দুপুরে কামরাবন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়। ইয়াবা ব্যবসায়ী ও পাচারকারীরা পুলিশের খাঁচায় বন্দী হলেও থেমে নেইে এর ব্যবসা ও ব্যবহার। এক এলাকায় অভিযান চললে অন্য এলাকায় কাজ করছে এই দুষ্টচক্র।
ইয়াবা সর্বনাশা মাদক। লাল রং-এর গোল ট্যাবলেট আকারের এই মাদক এক সময় নাফ নদী দিয়ে দেশে প্রবেশ করত। আইনশৃংখলা বাহিনী চট্টগ্রাম ও রাজধানী ঢাকা শহরে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও জড়িতদের আটক করত। সেই সর্বনাশা ইয়াবা এখন সুনামগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ছে। প্রতিদিনই কোথাও না কোথায় আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হচ্ছে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার করা হচ্ছে ইয়াবা। সবচেয়ে বেশী ইয়াবা উদ্ধার ও মাদকসেবী আটক হচ্ছে সীমান্ত উপজেলা তাহিরপুর ও সুনামগঞ্জ সদরে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন, ইয়াবা এখন হোম ডেলিভারি দেয়া হচ্ছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। পুলিশ এসব মাদক রোধে তৎপর রয়েছে, অভিযান চলছে। শুধু মাদকই নয় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দিনরাত কাজ করছে। ইতোমধ্যে সুনামগঞ্জ শহরের আরপিননগরের সন্ত্রাসী ইস্পাহানী ও পালিয়ে থাকা ভারতের শীর্ষ সন্ত্রাসী কোচিং মারাককে আটক করা হয়েছে।
জানা যায়, ইয়াবা সহজে বহনযোগ্য হওয়ায় উঠতি বয়সের মাদকসেবী ও মাদক পাচারকারীরা এই ব্যবসার প্রতি আগ্রহী। খুব সহজে সার্ট-প্যান্টের পকেটে, জুতার ভেতর, শরীরের স্পর্শকাতর স্থানে রেখে পরিবহন করে থাকে। একসময় এই মাদক গ্রহণ ও পেশার সাথে ছেলেরা জড়িত থাকলেও এখন উঠতি বয়সের যুবতী ও নারীরা জড়িয়ে পড়ছেন।
মোবাইল ফোনে যোগাযোগ করে গ্রাহকের বাসায় পৌঁছে দেয়া হচ্ছে ইয়াবা। আইনশৃংখলা বাহিনীর নজর এড়াতে অনেকেই মুখের ভেতর পান-সুপাড়ির ন্যায় রেখে একটি-দু’টি করে বাসা-বাড়িতে পৌঁছে দিচ্ছে। কেউ কেউ মোবাইল ফোনের সকল যন্ত্রপাতি বের করে মোবাইল ফোনের কভারে ভেতরে করে পরিবহন করছে এসব মাদক।
চাহিদা অনুযায়ী ইয়াবার দর-দাম উঠে নামে। সাধারণত প্রতি পিস ইয়াবা ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। তবে নিয়মিত গ্রাহকদের কাছে ১০০ থেকে ১৫০ টাকায়, আবার চাহিদা বেশী থাকলে ৩০০ টাকায় পর্যন্ত একেকটি বিক্রি করা হয় থাকে।
সুনামগঞ্জ শহরের হাছন নগর, ময়নার পয়েন্ট, বক পয়েন্ট, ওয়েজখালী, মাইজবাড়ি এলাকা, আরপিননগর, তেঘরিয়া, আব্দুজ জহুর সেতু, দিরাই রাস্তার মোড়, লেগুনা ও বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, শহরতলীর ইব্রাহিমপুর, মঈনপুর, নবীনগরসহ বিভিন্ন এলাকায় ইয়াবা পাচারকারীদের সিন্ডিকেট রয়েছে। শহরের নি¤œ মধ্যবিত্ত পরিবারের ছেলেরাও এসব মাদকে জড়িয়ে পড়ছে। উঠতি বয়সের ছেলেরা ইয়াবা গ্রহণ করে পরিবারের লোকজনের সাথেও খারাপ আচরণ করে থাকে। পুলিশের অভিযানে ইতোমধ্যে সারা জেলায় বেশ কয়েক ইয়াবা বহনকারী আটক হয়েছে।
গত ৩ আগস্ট বৃহস্পতিবার রাত পৌনে ৮ টায় সুনামগঞ্জ শহরের তেঘরিয়ায় এক দোকানের সামনে থেকে লম্বা হাটির মৃত রইছ আলীর ছেলে আব্দুল মালেক (৩৩) কে বহনের সময় ৫ পিস ইয়াসাসহ আটক করে পুলিশ। পরদিন থাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন,‘ ইয়াবাসহ সকল প্রকার মাদক রোধে পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার কোন বিকল্প নেই। এসব বিষয়ে সুনামগঞ্জের সকল গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে। পুলিশ মদ-গাঁজা, ইয়াবা, তীর সিলং, জুয়াসহ সকল অপরাধ রোধে সক্রিয়ভাবে কাজ করছে। মাদকসেবীর বাসা-বাড়িতে এখন গোপনে ইয়ারা পাচার হচ্ছে বলে আমাদের কাছে খবর রয়েছে। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি এবং এসব অপরাধ রোধে আমরা অনেকটাই সফল হচ্ছি। এতে মাদক পাচারের ঘটনা হ্রাস পাচ্ছে। পুলিশের অভিযানে এখন ইভটিজিং, জুয়া খেলা, চুরি-ছিনতাই আগের চেয়ে এখন অনেক হ্রাস পেয়েছে। ’
তিনি আরো বলেন,‘ মাদক পাচারসহ সকল অপরাধ রোধে সাধারণ মানুষের যে কেউ সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারেন। তথ্যদাতার নাম-ঠিকানা সবকিছু গোপন রেখেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’