সরকার ঘোষিত গেজেট অনুযায়ী আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পুজায় হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমান উৎসব বোনাস প্রদানের দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট: ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর সন্ধ্যার সময় সংগঠনের শেরপুর বাইপাস রোডস্থ কার্যালয়ে শ্রমিকরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিলেট রোড, মৌলভীবাজার রোড প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ডি দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিখি হিসেবে উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. মোস্তফা কামাল ও সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া।
বক্তব্য রাখেন ইউনিয়নের আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা দিলিপ দাশ, সহ-সভাপতি ইকবাল হোসেন ও রোমেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফখর মিয়া, কোষাধ্যক্ষ আমরুল হোসেন, প্রচার সম্পাদক রুস্তুম আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও হিন্দুদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা আসন্ন। এই ধর্মীয় উৎসব সকল শ্রেণী পেশার জনগণের নিকট আনন্দের বার্তা নিয়ে আসলেও হোটেল শ্রমিকদের সব সময় এই আনন্দ থেকে বঞ্চিত করা হয়। কারণ ঈদ ও পুজায় হোটেল শ্রমিকরা কোন উৎসব বোনাস পান না, এমন কি অধিকাংশ হোটেল শ্রমিকদের ঈদ ও পুজায় কোন ছুটিও প্রদান করা হয় না। আর যে সকল শ্রমিকদের ছুটি দেওয়া হয় তাদের ছুটির দিনের বেতনও দেওয়া হয় না। ২০০৯ সালের ২৪ নভেম্বর সরকার হোটেল শ্রমিকদের জন্য নিন্মতম মজুরীর গেজেট প্রকাশ করেন, ঘোষিত গেজেট অনুযায়ী প্রত্যেক শ্রমিককে এক মাসের বেতনের সমপরিমান বছরে ২টি উৎসব বোনাস প্রদানের আইন করা করা হয়। এরপর ২০১২ সালের ২৬ এপ্রিল সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের প্রেক্ষিতে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২ জুলাই শ্রীমঙ্গলস্থ উপ-শ্রম পরিচালকের মধ্যস্থতায় বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, মাসিক বেতনের সমপরিমান ঈদুল ফিতর ও ঈদুল আজহায় উৎসব বোনাস প্রদান এবং সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের প্রেক্ষিতে মৌলভীবাজার হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। অথচ হোটেল মালিকরা সরকারী আইন ও চুক্তি লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনীভাবে শ্রমিকদের অধিকার হতে বঞ্চিত করে চলছেন। বর্তমানে হোটেল শ্রমিকরা দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, যার কারণে হোটেল শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সমাবেশ থেকে আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পূজায় মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিন্মতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনিকে গ্রেফতার, শ্রমিকদের জন্য রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়।