- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদুল আজহা উদযাপিত হবে শনিবার

স্টাফ রিপোর্টার
আগামী ২ সেপ্টম্বর শনিবার পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মানব জাতিকে ত্যাগের   
মহিমায় উদ্ভাসিত করতে প্রতিবছর মুসলমানদের জীবনে এ উৎসবের আগমন ঘটে। এ দিনটি মানব জাতিকে ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হতে উৎসাহিত করে।
মহান আল্লাহ’র আদেশ বাস্তায়নের লক্ষ্যে প্রায় চার হাজার বছর আগে মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম (আ.) নিজ শিশুপুত্র ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নেন। এর মধ্য দিয়ে আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের এ অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। মহান আল্লাহ’র প্রতি প্রিয় বান্দা হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাঈল (আ.)-এর সীমাহীন ভক্তি, সর্বোচ্চ ত্যাগের সদিচ্ছা এবং গভীরতম আত্মসমর্পণে পরম করুণাময় সন্তুষ্ট হন এবং তিনি ইব্রাহিমকে (আ.) আত্মত্যাগ ও ভালোবাসার নিদর্শনস্বরূপ পশু কোরবানি করতে নির্দেশ দান করেন। এ ঘটনার পর থেকে মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী ত্যাগ ও আত্মোৎসর্গের প্রতীক হিসেবে পশু কোরবানি দিয়ে আসছেন।
ইতিমধ্যেই জেলার প্রায় সব ঈদগাহ ময়দান ও মসজিদ ঈদের জামায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে। পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, হাছননগর ঈদগাহ ময়দান, পুলিশ লাইন জামে মসজিদ, পাঠানবাড়ি ঈদগাহ ময়দান এবং বলাকাপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, ষোলঘর ঈদগাহ ময়দান, আরপিননগর ঈদগাহ ময়দান, আপ্তাবনগর ঈদগাহ ময়দান, বড়পাড়া ঈদগাহ ময়দান, আলীপাড়া জামে মসজিদ ঈদগাহ ময়দান এবং বায়তুননূর জামে মসজিদে সকাল ৮.১৫টায়,  লক্ষণশ্রী ঈদগাহ ময়দান, সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ঈদগাহ ময়দান, মোহাম্মদপুর জামে মসজিদ ঈদগাহ ময়দান এবং মল্লিকপুর নতুন বাসস্টেন্ড ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও পবিত্র ঈদ উল আযহা  ধর্মীয় ভাবগাম্ভীর্য্য এবং রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপনের লক্ষে ঈদের দিন সকালে সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশসিত ও বেসরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

  • [১]