সরকার ঘোষিত গেজেট অনুযায়ী আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পুজায় হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদানের দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট: ২৩০৫ এর উদ্যোগে এক শ্রমিক সভা মঙ্গলবার রাত ৮ টার সময় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, চৌমুহনা আঞ্চলিক কমিটির আহবায়ক মো. কবির মিয়া, কুসুমবাগ আঞ্চলিক শাখার নেতা বাচ্চু মিয়া, সাগর মিয়া, জাকির হোসেন, সিন্টু দাশ, সূফী মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও হিন্দুদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা আসন্ন। এই ধর্মীয় উৎসব সকল শ্রেণী পেশার জনগণের নিকট আনন্দের বার্তা নিয়ে আসলেও হোটেল শ্রমিকদের সব সময় এই আনন্দ থেকে বঞ্চিত করা হয়। কারণ ঈদ ও পুজায় হোটেল শ্রমিকরা কোন উৎসব বোনাস পান না, এমন কি অধিকাংশ হোটেল শ্রমিকদের ঈদ ও পুজায় কোন ছুটিও প্রদান করা হয় না। আর যে সকল শ্রমিকদের ছুটি দেওয়া হয় তাদের ছুটির দিনের বেতনও দেওয়া হয় না। ২০০৯ সালের ২৪ নভেম্বর সরকার হোটেল শ্রমিকদের জন্য নিন্মতম মজুরীর গেজেট প্রকাশ করেন, ঘোষিত গেজেট অনুযায়ী প্রত্যেক শ্রমিককে এক মাসের বেতনের সমপরিমান বছরে ২টি উৎসব বোনাস প্রদানের আইন করা করা হয়। এরপর ২০১২ সালের ২৬ এপ্রিল সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের প্রেক্ষিতে বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২ জুলাই শ্রীমঙ্গলস্থ উপ-শ্রম পরিচালকের মধ্যস্থতায় বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, মাসিক বেতনের সমপরিমান ঈদুল ফিতর ও ঈদুল আজহায় উৎসব বোনাস প্রদান এবং সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট ও শ্রম আইন বাস্তবায়নের প্রেক্ষিতে মৌলভীবাজার হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি ও মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। অথচ হোটেল মালিকরা সরকারী আইন ও চুক্তি লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনীভাবে শ্রমিকদের অধিকার হতে বঞ্চিত করে চলছেন। বর্তমানে হোটেল শ্রমিকরা দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, যার কারণে হোটেল শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সভায় আসন্ন ঈদুল আজহা ও দুর্গা পুজায় হোটেল শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদানের দাবিতে আগামী ২২ আগষ্ট জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান, ১৯ আগষ্ট শেরপুরে শ্রমিকসভা, ৪ সেপ্টেম্বর জেলা শহরে ও ৬ সেপ্টেম্বর কুলাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার জন্য সকল শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি