- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঈদের আগে আরিফ-গৌছের মুক্তি দাবি

পবিত্র ঈদুল ফিতরের আগেই সিলেট সিটি কর্পোরেশনের কারাবন্দী মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর মুক্তি দাবি করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়া হাসান জীবন, দলের দুই কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য যথাক্রমে দিলদার হোসেন সেলিম এবং কলিম উদ্দিন আহমদ মিলন।
মঙ্গলবার এক    যুক্ত বিবৃতিতে বিএনপি’র এ তিন কেন্দ্রীয় নেতা বলেন,‘বর্তমান সরকার গুম, হত্যা, জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্যাতন নিপীড়ন হয়রানি করছে। পবিত্র রমজান মাসে সাঁড়াশি অভিযানের নামে কেবল গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতা-কর্মীদের। সারাদেশে এরই মধ্যে কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ অবস্থায় দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তারা।’
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,‘আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের একজন জনপ্রিয় মেয়র। পাশাপাশি জিকে গৌছও কারাগারে থেকেও দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। জনগণের ভোটে নির্বাচিত হলেও তাদেরকে অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দেয়া হচ্ছে না। এই দুই মেয়র শারীরিকভাবেও অসুস্থ। ছেলের চিন্তায় আরিফুল হক চৌধুরীর মা শয্যাশায়ী। এ অবস্থায় পবিত্র ঈদুল ফিতরের আগেই দুই মেয়রকে মুক্তি দিয়ে তাদের পরিবারের সাথে ঈদ পালনের সুযোগ দেয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে সিলেট বিভাগের সকল গ্রেফতারকৃত নেতা-কর্মীসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি।’ (প্রেস বিজ্ঞপ্তি)

  • [১]