স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের এমপি শামছুন নাহার বেগম শাহানা রব্বানী বলেছেন, ‘আ.লীগ সরকার দেশে টেকসই উন্নয়ন করছে। দেশে তৃণমূল পর্যায়ে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু বিরোধী দল নানা ষড়যন্ত্র করে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তারা। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সোমবার সকালে শহরের উকিলপাড়া এলাকায় সুনামগঞ্জ প্রেসক্লাবের অফিস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
এমপি শামছুন নাহার বেগম রব্বানী বলেন, ‘আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের তৃণমূল মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু একটি
মহল এদেশে শান্তি চায় না, উন্নয়নও চায় না। যারা এদেশে মানুষের শান্তি প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে তাদেরকে প্রতিহত করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, দৈনিক ইত্তেফাক’র জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামলসহ সদস্যবৃন্দ।