স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি শনিবার সুনামগঞ্জ জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের আয়োজনে উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বললেন, ‘উজাইয়ের মুখে বারি দিয়া মাছ বিদায় করি দিছইন, এখন মাছ ঘুরাইয়া আনতে সময় লাগবো।’
তিনি বলেন, দলের মন্ত্রীকে উন্নয়ন কাজে দলের এমপিরা বাধা দিতে এর আগে দেখি নি কখনো। তিনি আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখার সময় বলেন, ‘আমি হয়তো পাপ করেছি, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সকলের সুবিধাজনক স্থানে সদর উপজেলায় করেছি। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয় সুনামগঞ্জের নামেই করা হয়েছে, আমি কেবল বিশ^বিদ্যালয়ের জন্য একটি স্থানের প্রস্তাব করেছি। আমাকে এজন্য নানাভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’
তিনি বলেন, বলা হয়েছে, দক্ষিণ সুনামগঞ্জ ছাড়া অন্য যেকোন স্থানে হয়ে যাক বিশ^ বিদ্যালয়।
তিনি বলেন, আমার অবস্থান পরিস্কার করার জন্য এই আয়োজনে এসেছি। সুনামগঞ্জ শহরবাসীকে আমার নানা উদ্যোগ নিয়ে বিভ্রান্ত করা হয়েছে। অথচ. তা সত্য নয়। আমি ঢাকায় বা অন্য কোন স্থানে নিজেকে সুনামগঞ্জের মানুষ হিসাবে পরিচয় দেই, এটি আমার বাড়ি। সুনামগঞ্জের কোন প্রকল্প আমি কেটে শান্তিগঞ্জে নিয়েছি, এটি কেউ প্রমাণ করতে পারবেন না। আমাকে অহেতুক কষ্ট দেওয়া হয়েছে। তিনি সুনামগঞ্জ পৌর কলেজ ভবন, কেন্দ্রীয় ঈদগাহ্, ইসলামগঞ্জ কলেজ, পলাশ উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ এবং প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে শহীদ আবুল হোসেন মিলনায়তন নির্মাণের প্রস্তাবনার কথা উল্লেখ করে বলেন, এগুলো বলে আমি বাহা বা- নিতে চাই না। আমার দায়িত্বের মধ্যে পড়ে এসব কাজ।
তিনি জগন্নাথপুরের কুশিয়ারা নদীর উপর সিলেট বিভাগের সর্ববৃহৎ সেতুর নির্মাণ কাজ আগামী ৮ মাসের মাথায় শেষ হবে উল্লেখ করে বলেন, এই সেতু ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দুরত্বের সময় ২ ঘণ্টা কমিয়ে দেবে। তিনি বলেন, দক্ষিণ সুনামগঞ্জ হাইওয়ের পাশের নতুন উপজেলা, এখানে নতুন নতুন ভবন বা স্থাপনা নিয়ম অনুযায়ীই হচ্ছে। আমার উদ্যোগে কেবল টেক্সটাইল ইনিস্টিউট হচ্ছে। যেটি আমি জগন্নাথপুরে করার প্রস্তাব করেছিলাম। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় এখানেই স্থান পছন্দ করেছেন।
তিনি বলেন, আমাকে সন্দেহ করবেন না, আমি বাড়া ভাতে পানি ঢালবো না। আমার দ্বারা সুনামগঞ্জের কোন ক্ষতি হবে না।
উন্নয়ন ভাবনা নিয়ে সমাবেশে বক্তাদের নানা উন্নয়ন প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারীদের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।