- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উত্তর সুরমায় মদের রমরমা ব্যবসা, বসে জুয়ার আসরও

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছে। দিনে রাতে চলা এসব জুয়ার আসরে প্রতিদিন অন্তত ৫০ লাখ টাকার খেলা হচ্ছে এমন তথ্য জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে চলছে মাদকের রমরমা ব্যবসা।
সুরমা নদীর উত্তরপাড়ের একাধিক স্থানের বাসিন্দারা জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া এলাকায় ১২২টি পাকা দোকারঘর নিয়ে নিউমার্কেট প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসার উদ্দেশ্যে। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়ায় এবং নানা জনের নানা মতের কারণে মার্কেট জমে উঠেনি। এই কারণে মার্কেটের শতাধিক দোকানঘর পরিত্যক্ত হয়ে পড়ে। এসব পরিত্যক্ত দোকান ঘরে চলছে এখন জুয়ার আসর ও মদের রমরমা ব্যবসা।
নৈদারখামার বাচ্চুর পয়েন্টে এবং কাইয়ারগাঁও একাধিক ঘরে মাদকের জমজমাট ব্যবসা চলে আসছে। একইভাবে চৌমুহনি, ডলুরা, মঙ্গলকাটা, হালুয়ারঘাট, ইব্রাহীমপুর, সৈয়দপুর এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার আসর জমে উঠছে দিনে ও রাতে।
স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া বলেন, আমার গাড়িতে যাত্রীরা উঠেন। তাদের কথা শুনে মনে হয় আমাদের এলাকা মাদক ও জুয়ার রাজ্য। সব অপরাধীর আস্তানা আমাদের উত্তর সুরমায়। আমাদের সন্তানাদি নিয়ে খুবই চিন্তায় আছি।
চৌমুহনী এলাকার রহমান হোসেন বলেন, আমাদের এলাকার মাদকের ছড়াছড়ি এখন গোপনে বাড়ছে। এলাকা মাদকমুক্ত হয়নি কখনও। যাদের উপর মাদক ও জুয়া বন্ধ করার দায়িত্ব রয়েছে তারাই এক হয়ে যান অপরাধীদের সাথে।
মঙ্গলকাটা এলাকার আইয়ুব আলী বলেন, মাদক কারা সেবন করে ও ব্যবসা করে এবং দিবারাত্রি জুয়ার আসর জমিয়ে তোলে সবই সংশ্লিষ্টদের জানা। আমরা আবার নতুন করে জানিয়ে শত্রু বাড়ানোর প্রয়োজন নেই।
সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য আনসার আলী বলেন, আমরা চাই মাদক মুক্ত এলাকা হোক। কিন্তু কে করবে। যাদেরকে ধরা হয়, তারা আবার ছাড়া পায়। আবার একই কাজে যুক্ত হয়। আমার থেকে ভাল জানেন মাদক প্রতিরোধের দায়িত্বে আছেন যারা।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মোকসুদ আলী বলেন, আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ছড়াছড়ি আছে। আগে ছিল প্রকাশ্য, এখন গোপনে জমে উঠে জুয়ার আসর। আমি সব সময় এসব অপরাধের বিরুদ্ধে অবস্থান করি। এখনও আমাদের দাবি মাদকমুক্ত হউক সুরমার উত্তরপাড়।
সুনামগঞ্জের ডিবি ওসি সুজন ইকবাল বলেন, সুনামগঞ্জ সদরের উত্তর সুরমায় যেকোনো স্থানে জুয়া বা মাদকের সন্ধান পেলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

  • [১]