কুমার সৌরভ
শাহ করিম এক উদার আকাশ,
শেষ ফাগুনে উজানধলের বিস্তীর্ণ জমিনে
পূবালী বাতাসে আন্দোলিত হওয়া ধান চারার মতো
মূর্তমান ভালবাসা লাগানো থাকে ওই আকাশে।
শাহ করিম জমির আলে হেঁটে বেড়িয়েছেন
তিনি গ্রামের আসর মাতিয়েছেন পুরো রাত
তিনি অধিকারহারা মানুষের ঘুম তাড়িয়েছেন
গণসঙ্গীতের উন্মাদনায়।
এমন এক আকাশকে কোন বিলাসী ভবনে বন্দী কর না তোমরা।
আকাশ উন্মুক্ত থাকুক
পাখির জন্য
মেঘদলের জন্য
রঙধনুর জন্য।
কৃষকের মিহিদানা ঘামের কষ্ট জমুক আকাশের গায়ে
নিভৃতের বেদনাহত নারীর দুর্ভোগ চিত্রায়িত হোক ওই আকাশে
কাল বৈশাখির ঝঞ্ঝা তীব্র বেগে দিগি¦দিক চৌচির করুক অশান্ত বিদ্রোহে
হিমগিরির শীতলতার চাইতেও শীতল হিংস্রতাকে চিনুক সকলে।
তবেই না করিম আকাশ দীপ্ত হবে প্রীত হবে ধন্য হবে সবিশেষ।
একহারা শরীরে সফেদ পাজামা পাঞ্জাবি জড়ানো
ওই আকাশের ঘাড়ের উপরে একগুচ্ছ লম্বা চুল
পৌষের শীতল বাতাসে হিম হয়েছে
শ্রাবণে বারিসিক্ত হয়েছে
চৈত্রে খাক হয়েছে পিপাসায়।
তবুও ওই কেশরাজিশোভিত অহংকারী মস্তক
আকাশের মুক্তাঞ্চলে অবিশ্বস্থ হয়নি কখনও।
ওই নিঃসীম নির্মল আকাশরঙ কণ্ঠপাখির
মুক্তির ব্যাকুলতাকে কেউ বাণিজ্যের পসরা কর না তোমরা।
০৭.০৪.২০১৬