- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উদাসী ভাই, অন্তিম সালাম আপনাকে

সুমনকুমার দাশ
বাংলার মরমিমৃত্তিকার সাধক মকদ্দস আলম উদাসী। আমাদের সকলের প্রিয় উদাসী ভাই আর নেই। তাঁর সঙ্গে কখনো আর দেখা হবে না, এর চেয়ে নির্দয় সত্য আর কী-ই হতে পারে? তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কী-ই লিখতে পারি? কী-ই-বা লেখার আছে?
এই তো সেদিন, গত শুক্রবার সন্ধ্যায় রনি ভাই [মু. আনোয়ার হোসেন রনি] আর দীন ভাই [মোস্তাক আহমাদ দীন] আমার অফিসে এসেছিলেন। তখনই উদাসী ভাইকে মুঠোফোনে কল দিই। সেদিন উদাসী ভাইয়ের সঙ্গে দু-একটা বাক্য বিনিময় হয়। শরীর অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছিল তাঁর। তাই দ্রুত প্রয়োজনীয় আলাপ সেরে নিই। কিন্তু তখনো বুঝিনি, এ-আলাপই তাঁর সঙ্গে শেষ আলাপ।
গত কয়েক বছর ধরেই উদাসী ভাইয়ের শরীরটা ভালো যাচ্ছিল না। এই ভালো তো এই খারাপ। কিন্তু তাই বলে এভাবে তিনি চলে যাবেন, সেটা ভাবনায়ও আসেনি। কত স্মৃতি তাঁর সঙ্গে, কত গল্প তাঁকে নিয়ে। অথচ কিছুই লিখতে মন চাইছে না। লিখতে পারছিও না! আমার কেবল মনে পড়ে উদাসী ভাইয়ের সেই গানটি ‘এক দমের নাই ভরসা, করো তুমি কার আশা, মিছামিছি দুইদিনেরও পরবাস’। সর্বশেষ যেবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর মাঝপাড়ায় তাঁর ডেরায় যাই, সেবার তাঁর ডেরা-লাগোয়া কবরের পাশে দাঁড়িয়ে উদাসী ভাই এ গান গেয়েছিলেন। আমার কেবল এ গানটির কথাই এখন মনে পড়ছে। সেদিন বিকেলে যখন তাঁর ডেরা ছাড়ি, তখন উদাসী ভাই আরেকদিন তাঁর এখানে যেতে বলেছিলেন। আরেকদিন আসব কথা দিয়ে সেদিন ফিরে এসেছিলাম।
উদাসী ভাইয়ের মতো এত বড়মাপের আরেকজন সাধক আমাদের মরমিগানের জগতে জন্ম নেবে কি না, সন্দেহ আছে! তাঁর মহাপ্রয়ান কেবল আমাদের ব্যথিতই করে না, অপার শূন্যতায়ও ভাসাচ্ছে।
বিদায় উদাসী ভাই। আফসোস, আপনার ডেরায় আর আসা হলো না, শেষ দেখাটাও হলো না! তবে নিশ্চয়ই আপনি আমাদের মরমিগানের ভুবন উজ্জ্বল করে সবসময়ই থাকবেন চির আলোকিত এক সাধক হিসেবে, মহান এক মানুষ হিসেবে। আপনাকে অন্তিম সালাম উদাসী ভাই।
লেখক : লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক।

  • [১]