স্টাফ রিপোর্টার
যেন পুরনো দিনে ফিরে যাওয়া। পিনপতন নিরবতায় শুনছিলেন জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনের শ্রোতারা। সোমবার সন্ধ্যা ৭টায় সমবেত কন্ঠে রবি ঠাকুরের ‘আলোকের এই ঝরণাধারায়’ গানটি দিয়ে শুরু করেন উদীচীর শিল্পীরা বৈঠকী সংগীত সন্ধ্যা। উদীচীর উপলক্ষ ভিত্তিক অনুষ্ঠানের বাইরে ভিন্ন আমেজের এই পরিবেশনা ছিল নি:সন্দেহে মনোমুগ্ধকর। সমবেত কন্ঠে অনুষ্ঠানে ‘ও আলোর পথযাত্রী’ গাইছিলেন পারমিতা রায় পূর্বা, বন্দনা পাল, চন্দনা পাল, পপি দাস, তৃষা দে, সংযুক্তা তালুকদার, অপর্না তরপদার মৌ, অন্তরা খাসনবীস, অয়ন চৌধুরী, শ্যামল আচার্য্য, অপূর্ব বৈষ্ণব ডালটন, জহির আহমদ, প্রসেনজিৎ দে।
এরপর ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’ গাইলেন প্রসেনজিৎ দে। সংযুক্তা তালুকদার ‘যা রে যা রে উড়ে যা রে’, অয়ন চৌধুরী গাইলেন জীবনমুখী গান, পারমিতা রায় পূর্ব, বন্দনা পাল, চন্দনা পাল, পরি দাস ও তৃষ্ণা দে ‘সাত ভাই চম্পা জাগো রে’ সমবেত কন্ঠে, ডালটন ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’, অর্পনা তরপদার মৌ ‘চঞ্চলা মেঘ রে’, অন্তরা খাসনবীস ‘প্রথম প্রদীপ জ্বালো জ্বালো জ্বালো জ্বালো’ এবং অভিজিৎ চৌধুরীর মরমী কবি হাসন রাজার গানটি ছিল চমৎকার।
অনুষ্ঠানের সঞ্চালক ডা. সালেহ আহমদ আলমগীরের সাবলিল উপস্থাপনা এবং তার গাওয়া ‘কফি হাউসের আড্ডাটা আজ আর নেই’ গানটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘সুনার বান্দাইল নাও ফিতলের গুরা ও রঙ্গের গুরা দৌড়াইয়া যাও’ এবং উদীচীর দলীয় সংগীত ‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে’ শুনেছেন দর্শক সারিতে বসা বিশিষ্টজনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাঝে মাঝেই ছিল কবিতা পাঠ। সৌমিত্র সাগর, সিন্থিয়া, জাহাঙ্গির আলমের আবৃত্তি ছিল উপভোগ করার মতো। অনুষ্ঠানের শেষে জেলা উদীচীর সভাপতি শীলা রায় অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসাহিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান।