জগন্নাথপুর অফিস
রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করতে আজ জগন্নাথপুর আসছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর আগমনকে সামনে রেখে রানীগঞ্জ বাজারে ব্যানার ফেস্টুন, গেইট নির্মাণ করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। রানীগঞ্জে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। বেশ কিছুদিন ধরে আওয়ামীলীগের নতুন সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর আগমনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস চলছিল। স্থানীয় আওয়ামীলীগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জনসভার উদ্যোগও নিয়েছিল। কিন্তুু মন্ত্রীর সফরসূচীতে জনসভা না থাকায় আওয়ামীলীগের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। তারপরও মন্ত্রীর সফরসূচী সফল করতে গতকাল দিনভর আওয়ামীলীগ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা রানীগঞ্জ সফর করে প্রস্তুুতি সম্পন্ন করেছেন। মন্ত্রীর আগমনকে সফল করতে ছাত্রলীগ রানীগঞ্জ বাজারে আনন্দ মিছিল করেছে। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যরিষ্টার এম এনামুল কবির ইমন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ পরির্দশন করে স্থানীয় ইউনিয়ন পরিষদে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে মন্ত্রীর সফর সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম প্রমুখ।
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী রানীগঞ্জ আসবেন এমন সংবাদে তৃণমুলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছিল। সরকারের এত বড় অর্জন তুলে ধরতে আমরা ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে জনসভার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু মন্ত্রী সময় স্বল্পতার কারণে জনসভা না রাখায় নেতাকর্মীরা হতাশ হয়েছেন। ’
জনসভা না হওয়া প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাকা ফিরে যাবেন। তাই স্বল্প সময়ে জনসভা করা না গেলেও জেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন তিনি। আমরা এই অনুষ্ঠানকে সফল করতে সকল প্রস্তুুতি গ্রহণ করেছি।’
উল্লেখ্য আজ শনিবার ১২৬ কোটি টাকা ব্যয়ে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে কুশিয়ারা নদীর ওপর সুনামগঞ্জবাসীর প্রাণের দাবি রানীগঞ্জ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হবে ।