স্টাফ রিপোর্টার
মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন,‘উদ্ভাবককে পুরস্কৃত করতে হবে, প্রণোদনা দিতে হবে, তাহলেই উদ্ভাবক অনুপ্রাণিত হবেন এবং তাঁর কাজের গতি বাড়বে’।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী’র হাছনরাজা মিলনায়তনে বিভাগীয় ইনোভেশন সার্কেল’এর কর্মশালা উদ্বোধনকালে এমন মন্তব্য করেন তিনি।
মন্ত্রী পরিষদ সচিব বলেন,‘সারা বিশ্বেই ইনোভেশন নিয়ে কথাবার্তা হচ্ছে। ইনোভেশনকে নিয়ে পৃথিবীর অনেক দেশ এগিয়ে গেছে। তারা ইনোভেশনে যারা ভাল করে তাদের ঘটা করে পুরস্কৃত করছে। আমাদের পাশের দেশ ভারতের নদীয়া জেলার জেলা শাসক ২০১৫ সালে জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হন। তার ইনোভেশন ছিল সকলের জন্য শৌচাগার। পুরো জেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় এনে তিনি পুরস্কৃত হন। বিগত ৪-৫ বছর ধরে সারা বিশ্বকে আন্দোলিত করছে ইনোভেশন।’
তিনি বলেন,‘আমাদের দেশও এগিয়ে যাচ্ছে। তবে আমরা সিলেট বিভাগ একটু পেছনে পড়ে আছি। সিলেট বিভাগের এই ৪ জেলা দেশের অন্যান্য অংশের তুলনায় পেছনে পড়ে আছি। আমরা বলে আসছি দেশের পেছনের অংশ হলো উত্তরাঞ্চল। তারা অনেক এগিয়েছে। উত্তরাঞ্চলের নাটোর এলাকার একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ভ্যানগাড়ীকে নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছেন। রোগীর স্বজনরা ভ্যানগাড়ী অ্যাম্বুলেন্স’র চালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে রোগীকে হাসপাতালে নিয়ে আসছেন। স্ব উদ্যোগের উদ্ভাবনা এটি। এই ভাবনা পুরো উত্তরাঞ্চল জুড়েই ছড়িয়ে পড়েছে। সেবা প্রার্থীরা যাতে কম এসে, ভোগান্তির শিকার না হয়ে সেবা পেতে পারে, এমন কার্যক্রম স্ব উদ্যোগে গ্রহণ করতে হবে।
স্যোসাল মিডিয়া ডায়লগে দেখেছি সিটিজেন জার্নালিজমে সুনামগঞ্জ কিছুটা এগিয়ে থাকলেও সিলেট বিভাগ পিছিয়ে।
বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের আয়োজনে এবং মন্ত্রী পরিষদ বিভাগ ও একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম’এর সহযোগিতায় এবং জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যােিজষ্টেট সাবেরা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট মানিক মাহমুদ, সিলেটের ডিআইজি কামরুল আহসান পিপিএম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজম খান। মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বিভাগীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কুতুব উদ্দিন প্রমুখ।
উদ্ভাবনায় পুরস্কৃত হয়েছেন বিশ্বম্ভরপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তালুত। তিনি দেশের বাইরে থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্না তার পক্ষে পুরস্কার ও সনদ গ্রহণ করেন। এছাড়া ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা হুর ও জান্নাত, হবিগঞ্জের বাহুবলের ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুর রউফকে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, গণমাধ্যমকর্মীসহ, নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব এম এন জিয়াউল আলম, মন্ত্রী পরিষদ বিভাগের সংস্কার অনু বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালক সোলতান আহ্মদ, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজন খান ও পুলিশ সুপার হারুন অর রশিদ।
কর্মশালায় শুদ্ধাচার চর্চা ও কৌশল নিয়ে মুল বিষয়বস্তু উপস্থান করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মানিক মাহমুদ ও উপ সচিব আলতাব হোসেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় উপ পরিচালক শাহ মো. নজরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, শিক্ষিকা ফারহানা সুলতানা প্রমুখ।
কর্মশালা শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমসহ উপস্থিত সকল অতিথিগণ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ‘সুনামগঞ্জ পরিচিতি বইয়ের মোড়ক উন্মোচন করেন।