বিশেষ প্রতিনিধি ও অমিত দেব
জগন্নাথপুরের পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার ছাদে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বাগান করা হয়েছে। যেখানে ফুল ও ফলের প্রায় ১০০ জাতের গাছ-গাছালি হয়েছে। ইতিমধ্যে এই বাগানে কমলা- পেয়ারাসহ নানা জাতের ফল ধরতে শুরু হয়েছে। জবা, গন্ধরাজ, শেফালী, স্ট্রবেরি চাষ করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বদান্যতায় হওয়া এই বাগান দেখলে মনে হবে এটি কোন ব্যবসায়ীর নার্সারী। এই বাগানের জন্যে পশ্চিম ভবানীপুর বিদ্যালয়টি এখন কেবল জগন্নাথপুরে নয়, প্রাথমিক শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও আলোচনার বিষয়। প্রাথমিক শিক্ষা বিভাগের দায়িত্বশীলরা এই বাগানকে দেশের ‘উদ্যান তত্ত্বের মডেল’ হিসাবে আখ্যায়িত করেছেন অনেকে।
জগন্নাথপুরের পশ্চিম ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের উপরের তলার ছাদে প্রায় ১২৫০ স্কয়ার ফুট বাগান করার উপযোগী জায়গা রয়েছে। এর সবটুকুতেই জবা, গন্ধরাজ, শেফালী স্ট্রবেরী, ডালিয়া, হাছনা হেনা, পাতাবাহারসহ নানা জাতের ফুলের গাছ লাগানো হয়েছে। ফলের মধ্যে রয়েছে কমলা, বারমাসি কাঠাল, ডালিম, বারমাসি আম, জামরুল, আমড়া, বরিশালী আমড়া, মালটা, লেবু, পেয়ারা, কাগজি লেবু, জাম, মেহেদী লিচু, তেজপাতা, কালো জাম, সাগরকলা, পেপে, নারিকেল, লুকলুকি প্রভৃতি। সবজীর মধ্যে লাল শাক, লাউ, সীম, নাগামরিচ, ডাটাশাঁক, পালংশাঁক, পুইশাঁক ধনিয়াপাতা এবং ঔষধি গাছের
মধ্যে তুলসী, থানকুনিসহ প্রায় ১০০ প্রজাতির বৃক্ষাদি রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের চেষ্টায়-ই এই বাগানটি গড়ে ওঠেছে। এই বাগানে সরকারি কোন বরাদ্দেরও প্রয়োজন হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরাই প্রয়োজনীয় নানা সরঞ্জামাদি গাছ-গাছালি দিয়ে সহায়তা করে বাগানটি সমৃদ্ধ করেছেন। শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদান শুরুর আগে, বিরতি এবং ছুটির পরে পালাক্রমে এখানে কিছুটা সময় দিয়েই তাদের এই স্বপ্নের বাগানটি গড়ে তোলেছেন।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আবু তাহের ও ছালেহা আক্তার বললো-‘আমরা সবাই মিইল্লা বাগানে কাজ করি, স্যার, ম্যাডামগণ এবং আমরা একেক দিন একেক ক্লাসের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি ছাড়া) শিক্ষার্থীরা বাগানে কাজ করি। বাড়িত থাকি গোবরসহ যে সময় যেটা দরকার আমরা আনি, অনেকে টব, নানা গাছের চারা এবং বীজও বাড়িত থাকি আনে। আমরার মা-বা
বায়ও এই বিষয়ে উৎসাহিত করইন, মাঝে মাঝে আইয়া বাগান দেইক্কা যাইন’। একই ধরনের বক্তব্য জানালো- বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আক্কাছ মিয়া, ঝুমা আক্তার, জুবেল মিয়া, মুহিজুর মিয়া, ফাহিম মিয়া, ইলিয়াছ, ফাহিম, রাব্বি, সীমা, জলি, সোনালী, জুবেদা ও খাদিজা। বাগানটির বর্তমান অবস্থায় এই শিক্ষার্থীদের সকলেই খুশি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকরা জানালেন, বাগানে কাজ করার জন্য এখন আর কাউকে ডাকতে হয় না।
সহকারী শিক্ষিতা নমিতা চক্রবর্তী ও শিবলী বেগম বলেন,‘আমাদের সহকর্মী ও শিক্ষার্থীরা মনে করে এটি তাদের প্রতিদিনের কাজের অংশ। এজন্যই বাগানটি এতো ভালভাবে গড়ে ওঠেছে।’ এরা জানালেন- ফল ও ফুলের মৌসুমে বাগানের সৌন্দর্য্য আরো বেড়ে যায়।
গ্রামের বাসিন্দা শিক্ষার্থী-অভিভাবক শিশু মিয়া বলেন,‘আমরা অভিভাবকরা বাগানের জন্য অনেকে টব দিয়েছি, গাছের চারা, ফুলের চারা ও বীজ দিয়েছি। আমাদের ছেলে-মেয়েরা বাগানটির পরিচর্যা করায় আমরা খুশি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি মো. ছমির উদ্দিন বললেন,‘বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা এখানে এতোই আন্তরিক যে, অনেকে নিজের বাড়ির কাজের মানুষকে এনেও দোতলার ছাদে মাটি তোলাসহ নানা কাজ করিয়েছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের সামনের মাঠের ফাঁকা জমিতে প্রথম আমরা বাগান করার উদ্যোগ নেই। দেখলাম বাগানটি অরক্ষিত থাকে। দিনে এবং রাতে এটি দেখাশুনা করা কঠিন বিষয়। পরে পরিচালনা কমিটি এবং সহকর্মীদের সঙ্গে পরামর্শ করে বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলার ছাদে ২ বছর আগে এই বাগান করা শুরু করি আমরা। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক, সিলেট বিভাগের উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা বাগানটি পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা বলেছেন, এই উদ্যোগের কথা দেশব্যাপি প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্টদের সুযোগ পেলেই জানাবেন তারা।’
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বললেন,‘পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা স্কুল ভবনের দোতলায় নিজেদের উদ্যোগে যে বাগানটি করেছেন। এটি উদ্যানতত্ত্বের জন্য বাংলাদেশে উদাহরণ হতে পারে বলেই আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগ মনে করছে। এই উদ্যোগ তাই ছড়িয়ে দেবারও সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগ ।’