স্টাফ রিপোর্টার
প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী আসনের (দিরাই-শাল্লা) উপ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকতে চেয়েছিলেন ভোটাররা। নির্বাচনে সেটাই প্রতিফলিত হয়েছে। নির্বাচনের ভোট চলাকালীন সময়ে ও ভোট প্রদানের পর কৌশলে একাধিক ভোটারের প্রতিক্রিয়া জানতে চাইলে ‘উন্নয়নের ধারাবাহিকতা
বজায় থাক, আমরা এটাই চাই’ বলে মন্তব্য করেছিলেন।
দিরাই উপজেলা রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের ভোটার মিল্টন দাস বিকালে বলেছিলেন,‘আমরা উন্নয়ন ও গণতন্ত্র চাই। তাই আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর প্রতীক নৌকা প্রতীকে ভোট দিয়েছি। আরো ১০জনকে নৌকা প্রতীকে ভোট দিতে অনুরোধ করেছি। সবাইকে বলেছি প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো চলমান রাখতে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই।’
দুপুর দেড় টায় উপজেলার ভরারগাঁও কেন্দ্রের ভোটার ভরারগাঁও গ্রামের বাসিন্দা মোশাহিদ মিয়া ও মাসুক মিয়া বলেছিলেন, ‘ভাই কারে ভোট দিছি তা বলব না। তবে আমরা দিরাই-শাল্লায় উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে। এর আগেও আমরা উন্নয়নের পক্ষেই ছিলাম এখনও উন্নয়ন চাই।’
দিরাই পৌর শহরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার রফিক মিয়া দুপুর ১২ টায় বলেছিলেন,‘ সেন বাবু (প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত) দিরাই-শাল্লায় অনেক উন্নয়ন করে গেছেন। যারা সেন বাবুর বিরোধীতা করে তারা ব্যক্তিগত কারণে করেন। সেন বাবুর অনেক উন্নয়ন কাজ এখন চলমান রয়েছে। তার অবর্তমানে প্রধানমন্ত্রী ড. জয়া সেনগুপ্তাকে হাল ধরতে বলেছেন তাই আমরা নৌকার পক্ষের আছি। দিরাই-শাল্লাকে সেন বাবু বদলে দিয়ে গেছেন, যারা বিরোধীতা করেন তারাই এসব উন্নয়ন চোখে দেখেন না।’