স্টাফ রিপোর্টার
ধর্মপাশায় ইফতার পার্টিতে হামলার অভিযোগে ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ১৩ জনের নামোল্লেখ করে ২৫ জনকে আসামী করে মামলা হয়েছে। হামলায় আহত উপজেলার সেলবরস ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দোলা মিয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার এই মামলা দায়ের হয়। মামলায় হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ আনা হয়।
মামলার আসামীরা হলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রুকন, ইসিতিয়াক হোসেন স্বপন, তাজ উদ্দিন আহম্মেদ, সোহরাব হোসেন, তানভির হোসেন সাগর, ফুলফুট মিয়া, সুপেল আহম্মেদ, তানিম চৌধুরী, এরশাদ মিয়া, আব্দুল্লা আল নোমান, রুবেল মিয়া, মনির হোসেন ও পিন্টু দেসহ অজ্ঞাতনামা ১০—১২ জন।
ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, এই ঘটনায় বৃহস্পতিবারই মামলা হয়। কোন আসামী গ্রেপ্তার আছে কি—না জানতে চাইলে ওসি জানান, নামোল্লেখ করা আসামীদের সকলেই ধর্মপাশা আদালত থেকে বৃহস্পতিবারই জামিন নিয়েছেন।
প্রসঙ্গত. বুধবার ইফতারের সময় ধর্মপাশার পাইকুরাটি বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত উপজেলার সেলবরস ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দোলা মিয়াকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল ধর্মপাশা হাসপাতালে ভর্তি রয়েছেন।