- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিষোদাগার

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদারের বিরুদ্ধে বিষোদাগার করলেন বাল্যবিবাহমুক্ত ঘোষণা অনুষ্ঠানের বক্তারা। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা শহীদ মিনারের অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সামনে বক্তারা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী কাজে বাধাসহ নানা অভিযোগ আনেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. নবী হোসেন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান জাতীয় শোক দিবস সহ সরকারী কোন অনুষ্ঠানে থাকেন না।’
উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান হাফিজা আক্তার দিপু বলেন,‘উপজেলা চেয়ারম্যান চান না জামালগঞ্জ উপজেলা বাল্যবিবাহমুক্ত হোক। তিনি বাল্য বিবাহের জন্য উৎসাহিত করেন।’
সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন,‘আমাদের উপজেলা চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীসহ  জাতীয় কোন প্রোগ্রামে না থেকে অনেক সময় বিরোধিতা করেন। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জা আর কষ্টের।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া বলেন,‘১৫ আগস্টের সময় আমি ঢাকায় ছিলাম। জাতীয় কোন অনুষ্ঠানে আমি বাধা দেই না, বিরোধিতাও করিনা। আমাকে বাল্যবিবাহমুক্ত অনুষ্ঠানের বিষয়ে ইউএনও পাশ কাটিয়ে যাওয়ায় আমি অনুষ্ঠান বয়কট করেছি।’
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন,‘উপজেলা সমন্বয় সভার সভাপতি উপজেলা চেয়ারমান নিজেই। চেয়ারম্যানের উপস্থিতিতেই সকল বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আমি সময়ে সময়ে উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি, অনুষ্ঠানে থাকলেন না কেন আমার জানা নেই।’  
এদিকে জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুল আলম তালুকদার (ঝুনু মিয়া) মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ইউপি সদস্যাদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশ্লীল গালি-গালাজ করার প্রতিবাদে ঝাড়– মিছিল হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নারীনেত্রী ও ইউপি সদস্যরা এই প্রতিবাদ মিছিল করেছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, নারীনেত্রী ও সংরক্ষিত আসনের  ইউপি সদস্যা শারমিন সুলতানা, ইউপি সদস্যা রুমা রাণী, ফৈয়জুন নাহার, আয়েশা আক্তার, সেলিনা আক্তার, নুরুন নাহার, মনোয়ারা, খুসবুল নাহার, হেলেন আক্তার, মাসকুন নাহার, কলি আক্তার, রাবিয়া আক্তার, স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা গুলজারা বিবি, আনোয়ার বেগম, রৌশন আক্তার, হাফসা আক্তার, আলেয়া বেগম, জাহানারা বিবি, ময়মুন্নেছা প্রমুখ।
সোমবার বিকালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপুসহ উপজেলার সংরক্ষিত আসনের মহিলা সদস্যাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এই বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হন তারা।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সামসুল আলম তালুকদার ঝুনু মিয়া বলেন, ‘মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী বদিউজ্জামান ভীমখালী গরুর বাজারের ডাক নিয়ে বিরোধিতা করা ও মহিলা সদস্যা শারমিন সুলতানার বয়স্ক ভাতা আত্মসাতের ব্যাপারে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’

  • [১]