- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উপজেলা পরিষদ-বাজার-রায়পাড়া সড়কের কংকালসার অবস্থা

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলা পরিষদের পুকুর পাড়, মধ্য তাহিরপুর, খলাহাটি, রায়পাড়ার বৌলাই নদীর কিনার ঘেষা সড়কের বেহাল দশা। সড়কের কংক্রিট ভেঙে গিয়ে অনেক খানাখন্দ তৈরি হয়েছে। রাতের বেলা এই সব সড়ক মরণ ফাঁদে পরিণত হয়। অন্যমনস্ক হয়ে গেলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাহিরপুর উপজেলা পরিষদের সামনের পুকুরের পূর্ব পাশের রাস্তা বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। পাকা সড়কের অনেক অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাহিরপুর বাজার থেকে জেলা শহর সুনামগঞ্জে যেতে হয় এই সড়ক দিয়ে। সড়কের এমন দশা হওয়ার তাহিরপুর সহ একাধিক এলাকার মানুষ ভোগান্তিতে আছেন।
জানা যায়, শুষ্ক মৌসুমে হাওর পাড়ের মানুষের চলাচলের জন্য নিচু সড়কগুলো ভেসে ওঠেছে এখন। ফলে ৬ মাস
মেয়াদি এসব সড়ক দিয়ে উপজেলায় সহজে আসতে পারে মানুষ। নৌকার প্রয়োজন হয় না। কিন্তু উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষের ভোগান্তিতে পড়তে হয়। উপজেলার সামনেই সড়কের এমন দশায় হতাশ এলাকাবাসি। এছাড়াও খলাহাটির সড়ক দিয়ে তাহিরপুর সদর থানা, মধ্য তাহিরপুর, রায়পাড়া সহ পর্যটন এলাকা টাকেরঘাটে যেতে হয়। খলাহাটি, মধ্যতাহিরপুর, রায়পাড়ার সড়কটি ভেঙে যাওয়ার কারণে এলাকাবাসি চলাচল করতে ভোগান্তিতে রয়েছেন।
এলাকাবাসি বলছেন, দীর্ঘদিন হলো এই সড়কগুলো ভেঙে গিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি দেখছেন না। এতে প্রতিদিন অনেক অনেক মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন।
খলাহাটির বাসিন্দা নয়ন সরকার বলেন, সড়ক ভাঙার কারণে রিক্সা নিয়ে যাওয়া যায় না। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে বিপদজনক হয়ে পড়ে।
মধ্য তাহিরপুর রায় পাড়ার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার বলেন, সড়ক ভাঙার কারণে স্কুল পড়–য়া ছেলে মেয়েরা বিদ্যালয়ে যেতে পারে না। এছাড়াও জয়নাল আবেদীন কলেজে যেতে হয় এই রাস্তা দিয়ে। সড়কটির বেহাল অবস্থার কারণে কলেজ পড়–য়া শিক্ষার্থীদেরও অনেক সমস্যা হয়।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী (বাবুল) বলেন, এই সড়কটি অনেকদিন ধরেই ভাঙা রয়েছে। কেউ সংস্কারের উদ্যোগ নেয় নি। আমি দায়িত্ব নেয়ার পর এই সড়কটি নিয়ে অনেক কাজ করেছি। এই সড়ক সংস্কার প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম বলেন, তাহিরপুর উপজেলা পরিষদ থেকে তাহিরপুর বাজার পর্যন্ত এবং বাজার থেকে থানা পর্যন্ত সড়ক সংস্কার করার জন্য একটি প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যলায়ে অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। খুব শীগ্রই এই সড়কটি সংস্কার করতে পারবো।

  • [১]