- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উপবৃত্তির টাকা পায়নি প্রায় ৪ হাজার শিক্ষার্থী

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে বন্যার কারণে ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তির টাকা পায়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ২০২১ সালের জুলাই-ডিসেম্ভর মাসের উপবৃত্তির চাহিদা ১০জুলাই/২০২২ইং তারিখের মধ্যে পাঠাতে হবে মর্মে নির্দেশনা ছিল। এ লক্ষ্যে উপজেলার ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঈদ-ঊল-আযহার পূর্বে ৬ মাসের উপবৃত্তির টাকা পেলেও বাকি ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা এখন পর্যন্ত পায়নি। ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ কেউ বলেছেন, তারা ছাত্রছাত্রীদের নামসহ তালিকা সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট তারা জমা দিয়েছেন। জমাকৃত তালিকা ক্লাস্টার অফিসার অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিবেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তালিকাটি পরীক্ষা নীরিক্ষা করে সংশ্লিষ্ট সার্ভারে জমা দিবেন। আবার কেউ বলেছেন বন্যার সময় বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট না থাকায় তারা ছাত্র ছাত্রীদের নামের তালিকা তৈরী করতে পানেরনি।
উপবৃত্তি না পাওয়া বিদ্যালয়গুলো হলো- সাধেরখলা, শান্তিপুর, আমতৈল, মাহারাম,হাপানিয়া, মাটিকাটা, অলিপুর, কড়ইগড়া, মনভোজ, জঙ্গলবাড়ি, শিবরামপুর, লালঘাট, সোনাপুরকামনাপাড়া, লাকমা, বাঁশতলা, কলাগাাঁও, তেলিগাঁও, জঙ্গলবাড়ি, নয়াবন্দ, মন্দিয়াতা, দুধের আউটা, বীরেন্দ্রনগর, ট্যাকেরঘাট, তাহিরপুর মডেল ও ইউনুছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা যায়, তাহিরপুর উপজেলায় ভয়াবহ বন্যায় ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সকল বিদ্যালয় পানির নীচে ছিল, বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ছাত্রছাত্রীদের উপবৃত্তির চাহিদা পাঠাতে পারেননি। আর যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা পেয়েছে তাদের উপবৃত্তির চাহিদা ১৬ জুন /২০২২ তারিখের আগেই চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানা যায়।
উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নামসহ তালিকা সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসারের নিকট তিনি জমা দিয়েছেন। জমাকৃত তালিকা ক্লাস্টার অফিসার অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা না দেয়ায় ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে।
তাহিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ কামরুজ্জামান বলেন, উপজেলায় যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপবৃত্তি পায়নি সে সমস্ত বিদ্যালয়গুলোর পুনরায় নামের তালিকা প্রস্তুত করে চাহিদা পাঠাতে হবে। সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে তিনি জানান।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, তাহিরপুর উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপবৃত্তির টাকা পায়নি এ বিষয়টি তাকে কেউ জানায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে লিখিতভাবে জানালে তিনি বিষয়টি লিখিতভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানাবেন বলে তিনি জানান।

  • [১]