বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনের ৩ মাসের মাথায়ই আবার সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন। রাজনীতি সচেতন এলাকা দিরাই-শাল্লায় আগামী জাতীয় নির্বাচনের হাওয়া বইতে শুরু হওয়ায় রোববার থেকে শুক্রবার পর্যন্ত তৃণমূল নেতাকর্মীসহ এলাকায় এলাকায় গিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হবার আহ্বান জানানোর পাশাপাশি নৌকার জন্যও ভোট চাইছেন জয়া সেন। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানও বৃহস্পতিবার দিরাইয়ে গিয়ে ঘনিষ্টজনদের সঙ্গে কথা বলে এসেছেন। মনোয়ন প্রত্যাশী সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাড. সৈয়দ শামছুল ইসলামও বৃহস্পতিবার শাল্লায় গণসংযোগ করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি ৮ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর ৩০ মার্চ দিরাই-শাল্লা আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের একটি ক্ষুদ্রাংশ এবং জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেন গুপ্তা স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।
৩ মাসের মাথায় আবারও সংগঠনকে ঘুছানো এবং নৌকার পক্ষে ভোট চাইতে নেমেছেন প্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা।
গত মঙ্গলবার দিরাই উপজেলা আওয়ামী লীগের
কার্যালয়ে দিরাই-শাল্লার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি সকলকে নির্বাচনের জন্য প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন।
গত রোববার ড. জয়া সেন জগদল ইউনিয়নের অষ্টগ্রাম কলেজে নবীনবরণ শেষে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। হোসেনপুরে আলহাজ্ব আব্দুল হাই স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান শেষেও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
শুক্রবার বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ উনিয়নের ধাইপুর, ভাইটগাও, দক্ষিণ সুরিয়ারপার ও বোয়ালিয়া বাজারসহ ২০ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন। এরপর ইউনিয়নবাসীর উদ্যোগে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে ছাতক – দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ খান এমপি, সিলেট-হবিগঞ্জের সংরক্ষিত আসনের এমপি অ্যডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীও বক্তব্য দেন।
ড. জয়া সেন গুপ্তা বলেন, ‘উন্নয়নের স্বার্থেই জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারা অব্যাহত রাখার জন্য এলাকায় এলাকায় গণসংযোগ শুরু করেছি। সরকারের উন্নয়নের বিষয়টি ভোটারদের কাছে পৌঁছে দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেবার আহ্বান জানাতে অনুরোধ করছি। আমরা বলছি হাওরাঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রী ¯েœহাশীল। এজন্য হারডুবিতে ক্ষতিগ্রস্তদের স্বচক্ষে দেখার জন্য তিনি ভাটিবাংলার শাল্লা ও কালিয়াজুরিতে এসেছেন। আমরা হাওরবাসী যেন নৌকায় ভোট দিয়ে তাঁর এই ভালবাসার প্রতিদান দেই।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, ‘আমি বৃহস্পতিবার দিরাই গিয়েছি, অনেকে বলেছেন আমি যেন দিরাই-শাল্লায় মনোনয়ন চাই, ওখান থেকে নির্বাচন করি। আমার বক্তব্য হচ্ছে সুনামগঞ্জ-৪ (সদর উত্তর ও বিশ্বম্ভরপুর) আসনে আমি সংসদ সদস্য ছিলাম। ঐ আসনে আমার সময়ের অনেক উন্নয়নের কথা এখনো ভোটাররা ভুলেননি। কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা বলেছি সংগঠনের প্রয়োজনেই সদর আসন শরিকদের দেওয়া যাবে না। কেন্দ্রীয় নেতারা আমার সঙ্গে একমত হয়েছেন। আমি যেহেতু সংগঠনের জেলা কমিটির সভাপতি এবং এই আসনের সাবেক সংসদ সদস্য, এই আসনের মনোনয়ন পাওয়ারও দাবিদার আমি।’ তবে দলীয় সভানেত্রী আমাকে যেখানেই দেবেন, আমি তাঁর সিদ্ধান্ত মেনে চলবো।’
সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামছুল ইসলামও এই আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনিও বৃহস্পতিবার শাল্লায় গণসংযোগ করেছেন।