- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘উপ শহর’ নির্মাণ হচ্ছে অচিন্তপুরে

বিশেষ প্রতিনিধি
হাওর-বাওরের জেলা শহর সুনামগঞ্জের সৌন্দর্য বর্ধন করতে এবং আবাসিক সমস্যা দূর করার জন্য বাতিল হওয়া উপশহর প্রকল্পের নতুন জায়গা নির্বাচন করে ১৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকার প্রকল্প অনুমোদন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রলায়।
প্রকল্পে উপশহরের সড়ক, মাটিভরাট, ড্রেন নির্মাণ, কালভার্ট, ডিপ-টিউবওয়েল, বিদ্যুৎ, বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ, খেলার মাঠ, স্কুল ও কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থান, পুকুর খনন ও গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হবে।
প্রকল্প অনুমোদন হওয়ার পর সম্প্রতি আব্দুজ জহুর সেতুর (সুরমা সেতু) পশ্চিম পাড়ে অচিন্তপুর ও উত্তর কুতুবপুর মৌজায় ১০ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ২০৯ টাকা ২ পয়সায় সাড়ে ১৬ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। উপশহর প্রকল্প গড়ে তোলার জন্য প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে চলতি অক্টোবর মাসের ৩ তারিখ দরপত্র আহবান করে গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয়। আগামী ৩ নভেম্বর দরপত্র দাখিলের শেষ দিন। ১৮ কোটি টাকা ৩৮ লাখ ১৬ হাজার টাকার প্রকল্পের মধ্যে বাকী টাকা দিয়ে প্রকল্পের অন্যান্য ব্যয় সম্পন্ন করা হবে। দরপত্র চূড়ান্ত হওয়ার পর আগামী ৯০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শুরু হবে।
তবে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের দরপত্র গ্রহণের বিষয়টি স্থানীয়ভাবে কোন পত্রিকায় প্রচার না হওয়ায় অনেকেই প্রকল্পের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
একাধিক লোকজন দৈনিক সুনমাগঞ্জের খবরকে বলেন,‘জেলাবাসীর উন্নয়নে এত বড় একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে অথচ জেলার মানুষ জানবে না, এটা হতে পারে না। জেলা উন্নয়ন-সমন্বয় সভায় এই বিষয়টি নিয়ে কোন আলোচনা হয় নি। কিভাবে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, কারা প্রকল্প বাস্তবায়ন করছেন , কিভাবে করছেন তা জেলাবাসীর অবশ্যই জানা থাকা দরকার। এছাড়া জেলা শহরের আশপাশে এত জায়গা থাকার পর সেতু পেরিয়ে নদীর পশ্চিম পাড়ে কেন এর স্থান  নির্ধারণ করা হলো। নিশ্চয়ই এর পেছনে অন্য কোন  কারণ থাকতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপশহরের সড়ক, মাটিভরাট, ড্রেন নির্মাণ, কালভার্ট, ডিপ-টিউবওয়েল, বিদ্যুৎ,গ্যাসসংযোগসহ অন্যান্য উন্নয়ন কাজের ব্যয় নির্ধারণ হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
ইতোমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সাড়ে ১৬ একর ভূমি অধিগ্রহণ করেছেন। গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় গত আগস্ট মাসে সুনামগঞ্জ জেলা প্রশাসককে ভূমি অধিগ্রহণের টাকা চেকের মাধ্যমে হস্তান্তর করেছে। জেলা প্রশাসন গৃহায়ন ও গণপূর্ত বিভাগকে অধিগ্রহণকৃত ওই ভূমির দখল বুঝিয়ে দিয়েছেন।
নতুন এই উপশহর প্রকল্পে ১৫৪ টি প্লট বরাদ্দ হবে। প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ হয়েছে ৪ লাখ টাকা (কম-বেশি), প্রতি শতাংশ জমির মূল্য ২ লাখ ৪২ হাজার টাকা। প্লট হবে ৩ কাঠার ১০২ টি, ৫ কাঠার ২৮ টি, আড়াই কাঠা থেকে সাড়ে ৬ কাঠার বিভিন্ন সাইজের প্লট হবে ২৪ টি। বাণিজ্যিক ভবনের জন্য ৬ কাঠা, সাধারণ বিপণি বিতান (বাজার) নির্মাণের জন্য থাকবে ১৭ কাঠা ভূমি , কাঁচা বাজারের জন্য ১১ কাঠা ভূমি থাকবে। বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ, প্রকল্প এলাকার মধ্যে খেলার মাঠ, স্কুল ও কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের জায়গা থাকবে। প্রকল্পে ১ টি পুকুর খনন, ড্রেন, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হবে।
উপশহর প্রকল্পে সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য ১৮ শতাংশ, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য ৮ শতাংশ, অধিগ্রহণকৃত ভূমি মালিকদের জন্য ৪ শতাংশ, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদের জন্য ৮ শতাংশ, প্রবাসীদের জন্য ৭ শতাংশ, মুক্তিযোদ্ধা ৪ শতাংশ, অবসরপ্রাপ্ত চাকুরীজীবী ৪ শতাংশ, ব্যবসায়ী ৮ শতাংশ, গৃহায়নে কর্মরতদের জন্য ৬ শতাংশ, অর্থ ও পরিকল্পনা বিভাগে কর্মরতদের জন্য ১ শতাংশ, বিশেষ (চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ অন্যান্য) পেশার লোকজনদের জন্য ৪ শতাংশ, সংরক্ষিত ২০ ও অন্যান্যদের ৮ শতাংশ প্লট বরাদ্দ দেবার নিয়ম নির্ধারিত হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল বলেন,‘ বিশাল বাজেটে সুনামগঞ্জে একটা উপশহর নির্মাণ হচ্ছে এটা আমি আজই প্রথম শুনলাম। সবার সাথে আলাপ-আলোচনা করে এর স্থান নির্ধারণ করা উচিত ছিল। এমন জায়গায় এটা নির্মাণ করা প্রয়োজন যেখানে ওই শহরে বাসবাসরত সকল নাগরিকদের আইনশৃংখলাসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত হয়।  বিশেষ করে পৌর শহরের আশপাশে এই উপশহর নির্মাণ হলে সবার জন্য ভাল হতো।’
গৃহায়ন ও গণপূর্তের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী বাদল কুমার ম-ল দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রকল্প অনুমোদন হওয়ার পর সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জায়গা অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ করে আমাদেরকে দখল বুঝিয়ে দিয়েছেন। আমরা ওই জমিতে প্রকল্পের নিয়ম অনুযায়ী সড়ক, মাটিভরাট, ড্রেন নির্মাণ, কালভার্ট, ডিপ-টিউবওয়েল, বিদ্যুৎ, সংযোগসহ অন্যান্য উন্নয়ন কাজ করার জন্য দরপত্র আহবান করেছি। তবে গ্যাস সংযোগের বিষয়টি সরকারের অনুমোদন সাপেক্ষ।’
তিনি আরো বলেন,‘সিলেটের একটি আঞ্চলিক ও ঢাকার দু’টি জাতীয় পত্রিকায় দরপত্র বিজ্ঞাপন দেয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা উন্নয়ন-সমন্বয় কমিটির সদস্য না হওয়ায় আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি। তবে এই প্রকল্প বাস্তবায়নের বিষয়টি প্রচারের জন্য সুনামগঞ্জ গণপূর্ত বিভাগকে বলা হয়েছে। তারা তাদের নোটিশ বোর্ডে তা প্রচার করেছেন এবং এই প্রকল্পের কাজের দরপত্রের সিডিউল বিক্রির জন্য সুনামগঞ্জ অফিসে দেয়া হয়েছে। যে কেউ সুনামগঞ্জ অফিস থেকে দরপত্র ক্রয় করতে পারেন।’

  • [১]