- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উৎসবের আমেজে টিকা গ্রহণ

স্টাফ রিপোর্টার
ভ্যাকসিন গ্রহণ নয়, যেন আনন্দ উৎসব। ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতালের নীচেরতলা পুরোটাই সেজেছিল বর্ণাঢ্য সাজে। ৮ টি বুথে টিকা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়। 
সকাল সাড়ে ১০টায় দলীয় নেতাকর্মীসহ একসঙ্গে সুনামগঞ্জ সদর হাসপাতালে আসেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ টিকা গ্রহণে আগ্রহীরা।
পৌনে ১১ টায় একযোগে টিকা গ্রহণ করেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিবুর রহমান মানিক, জেলা জাপার আহ্বায়ক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
পর্যায়ক্রমে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌরসভার মেয়র নাদের বখত, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, যোগে¦শ^র দাস, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মনোহর আলী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমানসহ বিশিষ্ট জনেরা টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণ করে অনেকেই জয় বাংলা, জননেত্রী শেখ হাসিনার জয় হোক স্লোগান দিলে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
সদর হাসপাতালে এসময় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
টিকা গ্রহণ শেষে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল দেশের মানুষ। করোনা ভ্যাকসিন নিয়ে সমালোচনার জবাব ভ্যাকসিন গ্রহণের মধ্য দিয়েই আজ দিচ্ছে দেশের মানুষ। আমি স্বাস্থ্যমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এজন্যই প্রথম দিনেই করোনা টিকা গ্রহণ করে আমার নির্বাচনী এলাকাসহ সুনামগঞ্জবাসীকে দ্রুত ভ্যাকসিন গ্রহণের রেজিস্টেশন করার অনুরোধ জানাই।
সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, বুদ্ধিমতার সঙ্গে মোকাবেলা করায় দেশের করোনা পরিস্থিতি অন্যান্য রাষ্ট্রের চেয়ে ভালো। আমি আমার নির্বাচনী এলাকার মানুষকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য প্রথম দিন ভ্যাকসিন নিলাম। সকলকে করোনা ভ্যাকসিন নেবার অনুরোধ করছি।
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ভ্যাকসিন গ্রহণ করে স্লোগান ধরেন, ‘জয় বাংলা-জয় হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার’। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপে মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারছে। ভ্যাকসিন নিয়ে সমালোচনাকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
সুনামগঞ্জ পৌরসভার নাদের বখ্ত এবং সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল টিকা গ্রহণ শেষে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানান।
সুনামগঞ্জ সদর হাসপাতালের টিকাদানকারী হাবিবুল বাশার সুমন এবং লিমা খাতুনও প্রথম দিনেই বিশিষ্টজনসহ আগ্রহীদের টিকা দিতে পেরে আনন্দিত। বললেন, একজন স্বাস্থ্যকর্মীসহ এমন ঐতিহাসিক কাজে যুক্ত থাকতে পেরে খুশী আমরা।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, প্রথম দিন জেলায় ৬৭৯ জন টিকা গ্রহণ করেছেন।

  • [১]