স্টাফ রিপোর্টার
টাঙ্গুয়ার হাওরে জ্যোৎস্না উৎসবকে কেন্দ্র করে ব্যাপক পরিবেশ দূষণ ও টাঙ্গুয়ার ক্রমাবনতিশীল অবস্থার বিষয়ে উদ্বেগ জানিয়ে বিশিষ্টজনরা ফেসবুকে নিজেদের মতামত তুলে ধরছেন। ফেসবুক থেকে বাছাই করে সুনামগঞ্জের তিন বিশিষ্টজনের মতামত নীচে তুলে ধরা হলো।
অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, সিনিয়র আইনজীবী
সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে সব কিছুই ধ্বংস হয়ে যায়। এটা আবার দেখলাম টাঙ্গুয়ার হাওরে এসে। হাওর পারের গ্রাম ছিলানী তাহিরপুর, জয়পুর, গোলাবাড়ির মানুষজনের একই কথা- হাওরের মাছ, পাখি সবই কমেছে। গত ১৩ বছর আই.ইউ.সি.এন এই হাওরটির দেখভালের দায়িত্ব পেলেও তারা হাওরের উন্নতির জন্য কিছুই করেনি। মাছের আশ্রয়স্থল হিসাবে কাটা, দল কোথাও দেওয়া হয়নি। গত ১৩ বছরে টাঙ্গুয়ার হাওর লুটপাট করে অনেক অসৎ কর্মকর্তা, কর্মচারী বিত্তশালী হয়েছেন কিন্তু হাওরের মাছ, পাখি, গাছ সবই কমেছে। বিগত কয়েক বছর আগে একজন ভাল, সৎ জেলা প্রশাসক জনাব জহির উদ্দিন আহমদ সরকারের উচ্চ পর্যায়ে টাঙ্গুয়ার হাওরের বিষয়টি অবহিত করেছিলেন।
এবার জ্যোৎস্না উৎসবে দেখলাম পানির বোতল, চানাচুরের প্যাকেট, বিভিন্ন প্রকার পানিয়ের খালি বোতল, টিস্যু পেপার পানিতে ভাসছে। টাঙ্গুয়ার হাওরে অবশিষ্ট প্রাণীকুল কি এতে কষ্ট পাবে? পরিবেশবিদরা ভাল বলতে পারবেন। সকালে তাহিরপুর গিয়ে আয়োজক কমিটির আহ্বায়কের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। অনুরোধ করেছিলাম প্রতি নৌকায় যেন গারভেজ ফেলার জন্য নিদেন পক্ষে একটি বস্তা রাখা হয়। বিষয়টি যেন মাইকে প্রচার করা হয়। হাওরে ভাসমান পানির বোতল, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি দেখে মনে হয় বিষয়টি গুরুত্ব দেওয়ার সময় হয় নি।আগামিতে এই প্রকার উৎসব করার আগে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা উচিত।
সুখেন্দু সেন, লেখক
কর্পোরেট যুগে জ্যোৎস্নার বিপণন করবে চাঁদ সওদাগরেরা এতে আশ্চর্য কি ? বর্ষায় পর্যটক আর শীতে পরিযায়ী পাখির আগমন ঘটলে মন্দ নয়। তবে পরিবেশ দূষণে জীববৈচিত্র নষ্ট হলে পরিযায়ী পাখির মত আকর্ষণ হারাবে পর্যটকেরাও। প্রকৃতির গভীরে কৃত্রিম উৎসব করে এর শান্তি ভঙ্গ করে কি লাভ। প্রকৃতিকে তার স্বাভাবিকত্ব বজায় রাখতে দেয়াই উত্তম। নইলে হারাতে হবে দু’কূলই।
অ্যাড. রোকেস লেইস, সিনিয়র আইনজীবী
উৎসব সব সময়ই উপভোগ্য। আর তা যদি হয় শুধুই আনন্দ আস্বাদের, তবেতো সোনায় সোহাগা। তেমনি এক উৎসব চলছে, চন্দ্রিমা উপভোগের। সর্বস্তরের জনগণ এতে সামিল হয়েছেন। যারা এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করেছেন, তারা নিশ্চয়ই অগ্রপশ্চাৎ ভেবে নিয়েছেন। বেশ ক’দিন থেকেই জোরেশোরে প্রচার চলছিলো। শেষ মুহূর্তে মূল উদ্যোক্তার আমন্ত্রণ পেলেও ঠিক জেনে নেয়া গেলো না ‘ভিতর বাহির’ অর্থাৎ লক্ষ্য উদ্দেশ্য, সাথে স্থান নির্বাচনের যৌক্তিক গ্রহণযোগ্যতা। বাঙালি উৎসব প্রিয় জাতি, উৎসব হবে আর এতে মিশে যাবে না! তাতো হয় না। প্রতিদিন প্রতিটি লোক নিজ নিজ অবস্থান থেকে সূর্য উঠা,সূর্য ডোবা দেখে। তবুও মানুষ পাহাড়ে যায় সূর্যোদয় দেখতে, তেমনি বিশাল সাগর মহাসাগর এর তীরে যায় সূর্য ডোবা দেখতে। বিচিত্র স্বাদ গ্রহণ মানুষের চিরায়ত রূপ। প্রচার যখন সর্বব্যাপী, সেক্ষেত্রে সংশ্লিষ্ট/পড়হপবৎহ সকলেই পূর্বাপর অবগত ছিলেন বা আছেন। অতএব, লাভ অলাভ, পরিবেশ উপযোগী, অনুপযোগী বিষয়গুলো দেখার দায়িত্ব অবশ্যই পরিবেশ অধিদপ্তর সহ, রামসার সাইট সংরক্ষণে দায়িত্বরত কর্তৃপক্ষের। তবুও, বিষয়টিতে অনেকের মতোই আমরা ক’জন উদ্বেলিত হই। একদিকে জোৎস্না উৎসব, অন্যদিকে মাছ-পাখির অভয়ারণ্য। আমাদের অবস্থান থেকে কতটুকু করার আছে বা আদৌ করার আছে কি-না! এমনি দ্বিধান্বিত অবস্থায় উৎসব শুরুর পূর্বেই সরজমিন যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ১৬’ তারিখ খুব সকালে অনুষ্ঠান স্থলসহ পারিপার্শ্বিক আয়োজন দেখতে টাঙ্গুয়ার হাওরে যাই, আমরা ক’জন। আমাদের পক্ষ থেকে, সুজেআস এর প্রাক্তন সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, মুক্তিযুদ্ধা, সিনিয়র অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু মোবাইল ফোনে অন্যতম প্রধান আয়োজক’কে অনুরোধ করেন উৎসবে অংশগ্রহণকারীরা যাতে ব্যবহৃত দ্রব্যাদি হাওরে না ফেলেন সে মর্মে ঘোষণা দিতে এবং সম্ভব হলে প্রতিটি জলযানে বর্জ সংরক্ষণের জন্য ঝুড়ি বা বিকল্প ব্যবস্থা করে দিতে। প্রচুর লোক সমাগম হয়েছে। উৎসব-তীর্থ হাওর-কন্যা সুনামগঞ্জ-এ আরো একটি উৎসব সংযোজিত হলো। সংশ্লিষ্ট সকল পর্যায়ে আবারো অনুরোধ থাকলো, বিশেষজ্ঞ মতামত গ্রহণে যদি প্রতিভাত হয়, এ ধরনের আয়োজন ‘ঐ স্থানে’ পরিবেশ পারিপার্শ্বিকতায় কোনো বিরূপ প্রভাব ফেলতে পারে, তবে স্থান বিষয়ে আবারো ভাবতে হবে। আর যদি ‘ঐ স্থানে’ বিরূপ পরিস্থির উদ্ভব হওয়ার সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে নিয়ন্ত্রিত পর্যায়ে অর্থাৎ সাধারণ্যে বিবেচ্য ক্ষতির বিষয়ে অধিকতর সতর্কতার দ্বারা পরিবেশ রক্ষা সাপেক্ষে ‘জোৎস্না উৎসব’ হতেই পারে।