- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

উৎসাহ-উদ্দীপনায় শুরু হচ্ছে প্রাণের উৎসব

স্টাফ রিপোর্টার
‘এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগানকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এলাকাবাসী সবার মধ্যে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। নানা অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে আজ শুক্রবার থেকে শুরু হবে ২ দিনব্যাপী পুনর্মিলনী উৎসব। দীর্ঘ সময়ের এ বিদ্যালয়         থেকে সাফল্যের সঙ্গে শিক্ষাজীবন সমাপ্ত করে ব্যক্তিগত ও সমাজজীবনে সাফল্যের শিখরে পৌঁছেছেন অনেকে। আজ থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হবে পুরনো ও নতুন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলায়।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং হীরকজয়ন্তীর পতাকা উত্তোলন, পায়রা মুক্তকরণ, ফেস্টুন উড়ানো, শোক প্রস্তাব জ্ঞাপন, শপথ পাঠ, পিটি, ও রণ সংগীত, সাড়ে ৯টা থেকে র‌্যালি, ১১টায় উৎসবের উদ্বোধন ও কেককাটা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ, পৌর মেয়র আয়ুব বখত জগলুল।
দ্বিতীয় অধিবেশনে দুপুর ২.৩০ থেকে ৮টা পর্যন্ত ১৯৪০ থেকে ৯৭ সাল পর্যন্ত ব্যাচ এবং সিলেট থেকে আসা ছাত্রীদের শিক্ষার্থীদের পারফরমেন্স। রাত ৮টা থেকে সংগীত শিল্পী আশিক ও স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের ২য় দিন সকাল ৯টা থেকে স্মৃতিচারণ, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ১৯৯৮ থেকে ২০১৬ ব্যাচের পারফরমেন্স, ৪টা থেকে বিদেশ থেকে আসা ছাত্রীদের এবং সাড়ে ৪টা থেকে ঢাকা থেকে আসা ছাত্রীদের পারফরমেন্স। সন্ধ্যা ৭টা থেকে সমাপনী বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিত।

  • [১]