দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সুদের টাকার দায়ে ঋণগ্রহীতার দোকানে হামলা এবং তার ভাইকে মারপিট, ভাংচুর ও লুটপাট করেছে এক সুদখোর মহাজন ও তার লোকজন। এ ব্যাপারে দিরাই থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিত পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে।
জানা যায়, বোয়ালিয়া বাজারের ব্যবসায়ী স্বপন কুমার দাস পার্শ্ববর্তী ধাইপুর গ্রামের মৃত দিলবর খা’র ছেলে সুদখোর মহাজন আওলাদ মিয়ার কাছ থেকে ২ মাস পুর্বে ৪৫ হাজার টাকা পরিশোধের শর্তে ত্রিশ হাজার টাকা নেন। নির্ধারিত সময়ে ত্রিশ হাজার টাকা পরিশোধ করা হলেও সুদের ১৫ হাজার টাকার দায়ে গত শুক্রবার বোয়ালিয়া বাজারের দোকানে এসে স্বপনকে না পেয়ে তার বড় ভাই সুরঞ্জন কুমার দাসকে মারপিট ও দোকান ঘরে ভাংচুর করে ক্যাশ ড্্রয়ার থেকে নগদ ৯৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরদিন শনিবার দিবাগত রাতে স্বপন কুমার দাস বাদী হয়ে আওলাদ মিয়া, একই গ্রামের নুর ইসলামের ছেলে ছালিক মিয়া ও সুনাফর মিয়ার ছেলে রুহুল মিয়াসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামী করে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বাদীর অভিযোগ পাওয়ার পর রবিবার তদন্তের জন্য পুলিশ প্রেরণ করা হয়েছে।