- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এই দুর্যোগে যে যার সাধ্যমত সহায়তা দিন

জেলাজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। বিশেষ করে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরসহ দোয়ারাবাজার ও সদর উপজেলায় বন্যার প্রকোপ বেশি। বন্যার কারণে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার দুইটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বহু শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় পাঠ কার্যক্রম বন্ধ রয়েছে। অসংখ্য গ্রামের মানুষ পানিবন্দী হয়ে দুঃসহ জীবন যাপন করছেন। হাওর এলাকায় গ্রামগুলো আফালে আক্রান্ত হয়ে বাড়ি-ঘর ভাঙার খবর পাওয়া যাচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার খবর দিয়েছেন। এবার শতভাগ বোরো ফসল হানির পর এই বন্যা মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে জেলাবাসীর জন্য। পানিবন্দী মানুষদের জন্য সরকারি ত্রাণ বরাদ্দ এখন পর্যন্ত আসে নি। স্থানীয়ভাবে যৎসামান্য ত্রাণ বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। টানা বৃষ্টিপাতের কারণে শ্রমজীবি মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। বহু শ্রমজীবি বিশেষ করে শহরের রিক্সাচালকদের বৃষ্টিতে ভিজেই জীবিকার জন্য রিক্সা চালানোর কাজ করতে দেখা গেছে। সবকিছু মিলিয়ে বন্যার কারণে জনজীবন এক প্রাকৃতিক বিপর্যয়ে পতিত হয়েছে বলা চলে। যেহেতু বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগকে এড়ানোর কোন উপায় নেই তাই এই দুর্যোগকালীন সময়ে ক্ষয়-ক্ষতি ও দুর্ভোগ যতোটা সম্ভব কম রাখার প্রচেষ্টাটিই সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ, বেসরকারি সংগঠনগুলোকে মানুষের দুর্ভোগ কমানোর দিকে তাই নজর দেওয়া উচিৎ।
বন্যার কারণে বিভিন্ন সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানে স্থানে পানি উঠে রাস্তার পলেস্তারা খসে পড়ছে, সৃষ্টি হচ্ছে ভাঙ্গা-চুড়া ও গর্ত। মাটির সড়কগুলো বিলীন হয়ে পড়ছে। সুতরাং বন্যার পর ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারপূর্বক পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে একটি বড় চ্যালেঞ্জ। সড়কগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে এখন থেকেই ক্ষতিগ্রস্ত সড়কের তথ্য সংগ্রহ করে এগুলো সংস্কারের পরিকল্পনা তৈরির জন্য তাই আমরা আহ্বান জানাচ্ছি। বন্যায় নতুন রোপণ করা আমন জমি ও বীজতলা ডুবে গেছে। পানি নামার সাথে সাথে যাতে কৃষকরা আবার জমি চাষাবাদ করতে পারেন সেজন্য কৃষি সম্প্রসারণ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যাকালে এবং পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগবালাইর প্রকোপ বেড়ে যায় সংগত কারণেই। স্বাস্থ্য বিভাগকে তাই সবসময় জেলার স্বাস্থ্য পরিস্থিতির দিকে নজর রাখতে হবে।
ফসল হারানোর পর বন্যাক্রান্ত কৃষকদের খাদ্যনিরাপত্তা দিতে ওএমএস ও ভিজিএফ কার্যক্রম জোড়দার করাটা এখন সময়ের অন্যতম দাবি। নতুবা কৃষক সমাজ চোখে অন্ধকার দেখবেন। স্থানীয় প্রশাসন এ বিষয়ে সজাগ রয়েছেন। ওএমএস ও ভিজিএফ এর পরিধি এবং মেয়াদ বাড়ানোর জন্য সরকারের নিকট স্থানীয় প্রশাসন প্রস্তাব দিয়ে রেখেছেন। সরকার যাতে অবিলম্বে বাস্তবতা অনুধাবন করে ওই প্রস্তাব অনুমোদন করেন সেটি তরান্বিত করতে আমরা সংসদ সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রাকৃতিক দুর্যোগ হাওরের মানুষের নিত্যসঙ্গী। এই দুর্যোগের সাথে খাপ খাইয়ে চলতে মানুষ অভ্যস্ত। কিন্তু দুর্যোগ নিয়ে যখন অনিয়ম-দুর্নীতির মহোৎসব শুরু হয়, যেমনটি হয়েছিল ফসলরক্ষা বাঁধ নির্মাণ নিয়ে, তেমন হলে দুর্যোগপীড়িত মানুষের করার কিছু থাকে না। তখন তাদের মরে মরে বেঁচে থাকতে হয়। এবার জেলার কৃষিনির্ভর পরিবারগুলো মরে মরে কোন রকমে বেঁচে আছেন মাত্র। বন্যা এসে তাঁদের অবস্থা আরও কাহিল হয়ে পড়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের ধনাঢ্য মানবিক মানুষজনের নিকট আমাদের অনুরোধ এই দুর্যোগে যে যার সাধ্যমত সহায়তা দিন।
 

  • [১]