ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী পরবর্তীতে বহু কৃষক আন্দোলনের সফল সংগঠক আমৃত্যু সাধারণ মানুষের অধিক্রা আদায়ের সংগ্রামে নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড লালমোহন রায় ১০৪ বছর বয়সে গত শুক্রবার বিকাল চারটায় নিজ বাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইটাউরিতে মৃত্যুবরণ করেছেন। ১৯১২ সনের ১ মে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই গাঁয়েই প্যারিমোহন রায় ও হেমলতা রায়ের ঔরসে। সম্ভবত ব্রিটিশবিরোধী সংগ্রামিদের মধ্যে তিনিই এই অঞ্চলের সর্বশেষ ব্যক্তি হিসাবে জীবিত ছিলেন । একে একে নিভেছে সকল দেউটির মতো অবশেষে এই প্রদীপের শিখাও নেভে গেল চিরতরে। আমৃত্যু বিপ্লবী এই মহান মানুষের প্রয়াণে আমরা সশ্রদ্ধ চিত্তে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। নানকার বিদ্রোহ, টংক আন্দোলন, হুল উলগুলান, তেভাগা আন্দোলন, জমিদার বিরোধী আন্দোলন, শিলং অভিমুখে কৃষকদের ঐতিহাসিক লংমার্চ, ভাসান পানি আন্দোলনÑ এমন সব সংগ্রামের প্রত্যক্ষ অংশগ্রহণকারী কমরেড লালমোহন রায়। কমরেড লালমোহন রায় যখন রাজনীতিতে আসেন তখন দেশপ্রেমের এক উজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল অসংখ্য ত্যাগী ব্যক্তিদের মাধ্যমে। জীবনের যাবতীয় সুখ-স্বাচ্ছন্দ্য, ভোগ-বিলাস ত্যাগ করে তাঁরা সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছিলেন একটি শোষণহীন সমাজ কায়েমের স্বপ্ন নিয়ে। ১৯১৭ সনে রুশ বিপ্লব সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির যে আকাক্সক্ষা জাগ্রত হয়েছিল তার ঢেউ আঁচরে পড়েছিল এই ভূখ-েও। তখন স্বচ্ছল পরিবারের বহু তরুণ-যুবক নিজের শ্রেণি ত্যাগ করে সাধারণ্যে মিশে গিয়েছিলেন। তাঁরা জীবনের সকল লক্ষ স্থির করেছিলেন দেশ ও মানুষের মুক্তির লক্ষে। কমরেড লালমোহন রায় ওইসময়ের এক অগ্নিশিখা। ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রাম অতঃপর কৃষক ও গ্রামের অধিকারহারা মানুষদের বঞ্চনার বিরুদ্ধে একের পর এক আন্দোলন-সংগ্রামে নিয়োজিত হয়েছিলেন। একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামেও কমরেড লালমোহন রায় অংশ নিয়েছিলেন শোষণমুক্তির ওই আকাক্সক্ষা থেকেই।
তরুণ বয়সে যে স্বপ্ন নিয়ে লালমোহন রায় রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ১০৪ বছরের জীবৎকালের শেষ পর্যায়ে এসেও তিনি সেই স্বপ্নের ন্যুনতম বাস্তবায়ন দেখে যেতে পারেননি। সম্ভবত এই আফসোস মনে বয়ে বেড়াতেন তিনি শেষ বয়সে। লালমোহন রায় সংগ্রাম করেছিলেন শোষক সম্প্রদায়ের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে। বহুক্ষেত্রে তাঁরা সফলতাও দেখাতে সক্ষম হয়েছেন। নানকার কৃষকদের দাসত্ব ঘুচাতে সফল হয়েছিলেন তাঁরা। কৃষকের তেভাগার দাবিও আদায় হয়েছে। সীমিত আকারে ভাসান পানিতে মাছ ধরার অধিকারও আদায় হয়েছে। কিন্তু তাতে সমাজের শোষণচিত্রের আদৌ গুণগত কিংবা পরিমাণগত কোন পরিবর্তন ঘটেছে কি? জমিদার প্রথা উচ্ছেদ হয়েছে সত্য কিন্তু নব্য জমিদাররূপী শোষকদের কবল থেকে কি মুক্ত হতে পেরেছে সাধারণ মানুষ? মানুষে মানুষে সমতা বিধান কিংবা সম্পদের সুষম বণ্টনের বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকে কমরেড লালমোহন রায়দের ত্যাগকে উপহাস করেছে এই সমাজ বারবার। সর্বশেষ উনিশ শ’ একাত্তরে কমরেড লালমোহনরা ভেবেছিলেন এবার বোধ করি ঘটবে যাবতীয় অসাম্যের অবসান। কিন্তু তাও হয়নি। বরং সম্পদ বৈষম্য এখন প্রকট আকার ধারণ করেছে। শোষণের নানামুখী জটাজালে আবদ্ধ হচ্ছে মানুষ। বৃদ্ধ বয়সে কমরেড লালমোহন যখন স্মৃতির জানালা খোলে অতীতের স্মৃতি রোমন্থন করতেন তখন বর্তমানের এই হতাশাজনক চালচিত্র নিশ্চয়ই তাঁকে ব্যথিত করত।
তবে কমরেড লালমোহন রায় এবং সকল ত্যাগী রাজনীতিকের স্মৃতি কখনও মুছে ফেলা সম্ভব নয়। তাঁরা চিরকালই মানুষের মনে অন্তহীন প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকবেন। তাঁরা একএক জন মৃত্যুহীন প্রাণ। এই প্রাণের কাছে বারে বারে আমাদের ফিরে যেতে হবে। যখনই আঁধার গ্রাস করবে তখনই একটুখানি আলো নিয়ে তাঁরা আমাদের সামনে উদ্ভাসিত হবেন। জয়তু কমরেড লালমোহন রায়।