- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একজন লড়াকু সৈনিক ছিলেন পীর হাবিব – পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, আমাদেরই একজন- আমাদের পরিবারের একজন পীর হাবিবুর রহমান। একজন লড়াকু সৈনিক ছিলেন। তিনি আমাদের সুনামগঞ্জ জেলাকে পরিচিত করেছিলেন। নিজ কর্মের মাধ্যমে আমাদেরকে সম্মানীত করেছিলেন। তাঁকে হারিয়ে আমরা শোকাহত। তাঁর স্মরণে সভার আয়োজন করায় আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।
শুক্রবার বিকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, বাংলাদেশে পীর হাবীব খুবই পরিচিত নাম। ২০১০ সালে তাঁর সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। এরপর বেশ কয়েকবার তাঁর সাথে আমার সাক্ষাত হয়েছে। আমি যখন প্রথমে রাজনীতিতে আসার চেষ্টা করি তিনি স্বহৃদয়ে এলাকার মানুষ হিসেবে সাংবাদিক মহলের কয়েকজনের সঙ্গে চায়ের আয়োজন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর উত্তরার বাসায়ও আমি তাঁর সাথে দেখা করেছিলাম। কথাবার্তা হয়েছিলো, জাতীয় রাজনীতি সম্পর্কে, তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একজন শক্তি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সে জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।
তিনি বলেন, পরবর্তিতে সুনামগঞ্জ জেলায় যার যার অবস্থান থেকে আমরা কাজ করেছি। শুধু সুনামগঞ্জের জন্য নয়, এখানে আমরা যাঁরা আছি, আমরা সকলেই সারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করব।

  • [১]