- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মেয়াদ বাড়ল এক বছর

সু.খবর ডেস্ক
‘একটি বাড়ি একটি খামার’প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, এই প্রকল্পটি চলতি বছরের ৩০ জুন মেয়াদ শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু সরকার মনে করছে এই প্রকল্পটি আরও এক বছর চলা প্রয়োজন। এজন্য আগামী বছরের ২ জুন পর্যন্ত এটি প্রকল্প হিসেবে চালু থাকবে। ওই দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকের অধিভুক্ত হয়ে যাবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং এ এসব কথা বলেন সচিব। তিনি জানান, বৈঠকে ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১৬’এর     খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।
মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারের একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটি ২০০৯ সালে চালু হয়। সারা দেশের ৬৪টি জেলার ৪০ হাজার ৫২৭টি গ্রামে এই প্রকল্পের কার্যক্রম চলে আসছে। এর মধ্যে ২০১৩ সালে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করে সরকার। ব্যাংকের অধ্যাদেশে বলা ছিল যে, একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ২০১৬ সালের ৩০ জুন থেকে এই ব্যাংকের অধিভুক্ত হয়ে যাবে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে জাতীয় জৈব কৃষি নীতি ২০১৬-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। এই নীতির বিষয়ে সচিব জানান, ২০১৩ সালের কৃষি নীতির আদলেই একটি জৈব কৃষি নীতি করা হচ্ছে। এর লক্ষ্য যেন দেশে রাসায়নিক সারের বদলে জৈব সারের ব্যবহার বেশি হয় তা নিশ্চিত করা।
এ ছাড়া আজকের বৈঠকে সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের মৃত্যুতে শোকপ্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

  • [১]