- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একটি ব্রিজের কারণে যত দুর্ভোগ

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের রাজাপুর ব্রিজের এপ্রোচ ও অধিকাংশ সড়ক ভাঙ্গা থাকার কারণে জামালগঞ্জ, বিশম্ভরপুর,তাহিরপুরের মানুষের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। এই উপজেলার বেহেলী ইউনিয়নের মানুষের জামালগঞ্জ সদর ও সাচনা বাজারের যোগাযোগেরও একমাত্র সড়ক সাচনা-বেহেলী সড়ক।
সড়কটি ভাঙ্গা আর রাজাপুর ব্রীজে এপ্রোচ না থাকায় প্রতিদিন যাত্রীরা নানা দুর্ঘটনা আর দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিনই ব্রিজে উঠতে নামতে অটোরিক্রা, টমটম, মটর সাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে, ব্রিজের উত্তর দিকের সড়কের একপাশে ভাঙ্গা থাকায় যানবাহনগুলো উঠা নামা করতে ভোগান্তির শিকার হচ্ছে।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজের মাঝখান সহ পুরো ব্রিজেই ঢালাই উঠে গেছে। র্রিজের দু পাশের মাটি নেই, রাস্তা দেবে গেছে, ভেঙ্গে গেছে কয়েকটি অংশ। জামালগঞ্জের সাথে তাহিরপুর, বিশম্ভরপুর উপজেলার একমাত্র সড়কের রাজাপুর ব্রিজটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।
এলজিইডির সূত্রে জানা যায়, ২০০৯ সনে  ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে সেতুর কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান ২০১০ সালের ব্রিজটি হস্তান্তর করেন। কাজ শেষ হওয়ার  ১ বছর  পরও সেতুটি ব্যবহারের অনুপোযোগী ছিল এপ্রোচ সড়ক না থাকার কারণে। কয়েক বছর পর নামে মাত্র এপ্রোচ দেওয়া হলেও এক বছরের মধ্যে সেটিও ভেঙ্গে যায়। এভাবেই চলে কয়েক বছর। এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতাদের কাছে গেলেও কোন ফল পাওয়া যায়নি। অবশেষে রাস্তার এই দুর্দশার কারণে চালকরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে কোন ফল না পেয়ে নিজস্ব তহবিলের ৪০ হাজার টাকা খরচ করে তারা নিজেরা নিজেদের মত করে উপজেলা প্রকৌশল বিভাগের রাস্তা সংস্কার করেছিলেন। সেটিও কিছুদিন ব্যবহারের পর নাজুক হয়ে পড়েছে।
রাজাপুর ব্রিজের এপ্রোচের কাজ পেয়েছেন জামালগঞ্জের মেসার্স কাজী আশরাফ টের্ডাস, যার বরাদ্দ প্রায় ১৩ লক্ষ টাকা। অবশ্য ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি কাজ প্রায় শেষের দিকে। এলাকাবাসীর দাবি ব্রিজের এপ্রোচের পাশাপাশি যদি সড়কটি সংস্কার করা হতো তাহলে এলাকাবাসী উপকৃত হতে। সাচনা অটোবাইক সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর আলম জানান, রাস্তা ও রাজাপুর ব্রিজের অবস্থা খুবই খারাপ, এর আগে আমরা সমিতির পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে অর্থ ব্যয় করে ব্রিজের আশে পাশের রাস্তাটি মেরামত করেছি।
বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন জানান, বেহেলী সহ আশপাশের দু উপজেলার মানুষের চলাচলের সড়ক এটি। ব্রিজের দুপাশের ব্লক ও সাইড ওয়ালের কাজ চলছে। কাজটি শেষ হলে আমাদের দুর্ভোগ কমবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস আশরাফ টের্ডাসের সত্বাধিকারী কাজী আশরাফুজ্জামান জানিয়েছেন, ‘আমার প্রতিষ্ঠান শুধু ব্রিজের এপ্রোচের কাজ পেয়েছে, কাজ প্রায় আশি ভাগ শেষ, কয়েকদিনের ভিতর বাকী কাজ শেষ হয়ে যাবে।’  রাজাপুর ব্রিজের কাজের দায়িত্বরত এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবু মো: হাসান জানান, শুধুমাত্র রাজাপুর ব্রিজের এপ্রোচের কাজ চলছে,কাজের গুণগত মান ভালো হচ্ছে,অর্ধেকের মত কাজ হয়েছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুস সাত্তারকে একাধিক বার মোবাইল ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।

  • [১]