কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
২৮ মার্চের প্রথম প্রতিরোধ যুদ্ধে আমজাদ হোসেন আনসার ট্রেনিংয়ের বদৌলতে রাইফেল হাতে পুরাতন সার্কিট হাউসে অবস্থান করা পাক আর্মির প্রথম দলটিকে নিশ্চিহ্ন করে দেয়ার সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন ৪র্থ পৃষ্ঠায় দেখুন
(প্রথম পৃষ্ঠার পর)
অসীম সাহস নিয়ে। রাইফেলটি তিনি পেয়েছিলেন মোজাহিদ কমান্ডার মালদার আলীর মাধ্যমে। এখনকার পুরাতন কালেক্টরেট ভবনের পূর্বদিকের টিনসেড ভবনের একটি কক্ষে অবস্থান গ্রহণ করেন তিনি। সেখানে আরও ছিলেন অনেকে। মনে করে বললেন দুই জনের কথা। বড়পাড়ার কামাল ও তেঘরিয়ার কুতুব উদ্দিনও সেদিন ওই ভবনে রাইফেল হাতে যুদ্ধরত ছিলেন। আরও যারা ছিলেন তাঁদের নাম এখন স্মৃতি থেকে মুছে গেছে। ভবনের ভিতর থেকে তাঁরা সার্কিট হাউস লক্ষ্য করে গুলি করেছেন। ২৮ মার্চ রাতে পাক আর্মির শহর ছেড়ে পলায়নের পর প্রথম প্রতিরোধপর্বের সমাপ্তি ঘটে।
আমজাদ হোসেনও বাড়ি এসে চুপচাপ বসে থাকেন। এভাবে মাস দেড়েক কেটে গেলো। মে মাসে যখন পাকবাহিনি আরও শক্তি নিয়ে শহরে প্রবেশ করল তখন আমজাদকে তার পিতা নিরাপত্তার কারণে পাঠিয়ে দেন বল্লভপুরে তার মামার বাড়িতে। ওখান থেকে তাহিরপুরের বালিজুরি চলে যান সম্পর্কিত এক চাচার বাড়ি। মে মাসের শেষ সপ্তাহে চলে গেলেন বালাট। তার আব্বা আব্দুল গণি (বর্তমানে মরহুম) তাকে বালিজুরি পর্যন্ত এগিয়ে দেন। সেসময় আমজাদ যুদ্ধে যাওয়ার জন্য বাবার অনুমতি নিয়ে ফেলেছেন। আমজাদের মা মারা গেছেন তাঁর বাল্যাবস্থায়। বাবাই তার সব। চোখের পানি আড়াল করে বাবা তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেছুর রহমানকে আমজাদ আগে থেকেই চিনতেন। বালাট গিয়ে পেয়ে গেলেন তাঁকে। দেখা করে যুদ্ধে অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করলেন আমজাদ হোসেন। ওসি সাহেব অপেক্ষা করার পরামর্শ দিয়ে শরণার্থি শিবিরে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এসময় বালাট মুক্তিযোদ্ধা রিক্রুটিং ক্যাম্পে যুদ্ধে অংশগ্রহণেচ্ছু তরুণ যুবকদের দীর্ঘ লাইন পড়া শুরু হয়েছে। একদিন এরকম একটি লাইনে আমজাদও দাঁড়িয়ে গেলেন। তাঁর লাইনে দাঁড়ানোর ব্যাপারটি লক্ষ্য করলেন ওসি মুখলেছুর রহমান। তিনি বললেন, তোমার লাইনে দাঁড়াতে হবে না। ট্রেনিংও লাগবে না। তোমার আনসার ট্রেনিং আছে। ওতেই চলবে। নিয়ে এলেন লাইন থেকে। এরপর সরাসরি যুদ্ধে অংশগ্রহণের জন্য তাঁকে পাঠিয়ে দেয়া হলো সি কোম্পানির হেডকোয়ার্টার নারায়ণতলায়। জুন মাসে কোম্পানি হেডকোয়ার্টারে কোম্পানি কমান্ডার এনামুল হক চৌধুরীর কাছে রিপোর্ট করলেন আমজাদ।
কমান্ডার এনাম আমজাদসহ এক প্লাটুন যোদ্ধাকে পাঠিয়ে দিলেন ভৈষারপাড়ে। প্লাটুন কমান্ডার সিলেটের মাইন উদ্দিন। এই প্লাটুনে আরও ছিলেন ইব্রাহিমপুরের ওদুদ, বড়পাড়ার কামাল হোসেন, বালিকান্দার মালু মিয়া প্রমুখ। এঁদের সকলেই আনসার প্রশিক্ষণপ্রাপ্ত। এই প্লাটুনটিই ভৈষারপাড় এসে প্রথম মুক্তিযোদ্ধার ঘাঁটি গাড়ে। সুরমার ওপাড়ে খাইমতর-ধারারগাঁও এলাকায় ছিলো পাক আর্মির শক্ত অবস্থান। পাক বাহিনির এই অবস্থানকে টার্গেট করে মুক্তিযোদ্ধারা ভৈষারপাড়ে তিনটি ডিফেন্স বাংকার খনন করেন। এরই একটি বাংকারে ডিউটি পড়ে আমজাদের। বাংকারে ওদুদসহ তারা ৭ জন ছিলেন। ১৫ দিন ছিলেন তিনি ভৈষারপাড়। এখানে কোন পাকবাহিনির সাথে গুলাগুলির অভিজ্ঞতা হয়নি আমজাদ হোসেনের।
ভৈষারপাড়ের প্লাটুন থেকে আমজাদসহ ১৫ জনকে পাঠিয়ে দেয়া হয় মঙ্গলকাটা বাজারে। মঙ্গলকাটা যাওয়ার পর দলটি দুই ভাগে বিভক্ত হয়ে দুই জায়গায় অবস্থান গ্রহণ করে। আমজাদসহ ৮ জন বাজারের দক্ষিণের স্কুলে অন্য ৭জন অবস্থান নেন স্কুলের পশ্চিমে। আমজাদ যে দলে ছিলেন ওই দলের কমান্ডার ছিলেন মালু মিয়া। দলটির মঙ্গলকাটা অবস্থানের মেয়াদ ছিলো দিন পাঁচেকের মতো। কারণ এরই মাঝে পাকবাহিনি মঙ্গলকাটা এসে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ শুরু করে। মুক্তিযোদ্ধারা টিকতে না পেরে পিছু হঠতে বাধ্য হয়। কমান্ডার মালু মিয়া আমজাদকে একা ফেলে রেখে বাকী ৬ জনসহ অন্যত্র চলে যান। আমজাদ পাকবাহিনির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য একটি বাড়ির খড়ের লাশের নীচে আশ্রয় নেন। ওখান থেকে দৌঁড়ে চলে যান পার্শ্ববর্তী ইক্ষু ক্ষেতে। এসময় কাঠালবাড়ির মুক্তিযোদ্ধারা কাভারিং ফায়ার শুরু করলে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। নারায়ণতলার উত্তর পশ্চিম দিকে কাঠালবাড়ি মুক্তিযোদ্ধা অবস্থানে চলে আসেন তিনি। কাঠালবাড়ি ক্যাম্প কমান্ডার ছিলেন তখন নূরুজপুরের আনসার মখছুদ আলী।
কাঠালবাড়ি থেকে এক সপ্তাহ পর আমজাদ ও আরও ৬ মুক্তিযোদ্ধা আসেন চিনাকান্দি ধনপুর বাজারে। ধনপুর অবস্থানের মুক্তিযোদ্ধা কমান্ডার মন্নাছ মিয়ার নিকট রিপোর্ট করেন। এদিকে পাঞ্জাবিদের একটি ক্যাম্প ছিলো ভাদেরটেকে। ভাদেরটেক থেকে পাঞ্জাবিরা মর্টার সেলিং ও গুলাগুলি শুরু করলে ধনপুর থেকেও মুক্তিযোদ্ধারা মর্টার সেলিংয়ের মাধ্যমে এর প্রত্যুত্তর দিতে থাকেন। মর্টার সেলিংয়ে ইন্ডিয়ান আর্মিরা সরাসরি অংশ নেয়। ৩ ইঞ্চি মর্টারের গোলা নিক্ষেপ করতে থাকে তারা পাক বাহিনির উদ্দেশ্যে। পাক বাহিনি পিছু হঠতে বাধ্য হয়।
এর মাঝে মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছুটা অন্তর্বিরোধ তৈরি হয়। একদিন নারায়ণতলা মিশনে অবস্থানরত সাব সেক্টর কমান্ডার মেজর সালাহউদ্দিনের উপর নিজেদের ভেতর থেকেই হঠাৎ আক্রমণ করা হয়। এসময় কামাল হোসেন ও আমজাদও মেজর সালাউদ্দিনের সাথে ছিলেন। আক্রমণকারীরা অবশ্য সফল হয়নি। এই ঘটনার পর ওখানকার বিশেষ করে বেরিগাঁও ডিফেন্স ক্লোজ করে সবাইকে লালপানি নিয়ে আসেন মেজর সালাহউদ্দিন। ক্লোজ করা সকলকেই নিরস্ত্র করে ফেলা হয় লালপানিতে। আমজাদও তখন এই ঘটনার শিকার হয়ে লালপানি চলে আসলেন। লালপানি থেকে তাদেরকে আর কোন যুদ্ধে পাঠানো হয় নি। এর মাঝেই পাক বাহিনি সুনামগঞ্জ থেকে পলায়ন করে।
আমার নোট নেয়া শেষ। এবার ফেরার পালা। উঠলাম তিন জনই। আমজাদ ভাই শহরে আসবেন বাজারে সওদা করতে। ভাবী নূরচশম বেগমের কাছে বিদায় চাইলাম। তিনি হেসে বললেন, আবার আইওইন আফনারা। আমরা তাঁর আন্তরিকতায় মুগ্ধ। উল্লেখ করা আবশ্যক আমজাদ-নূরচশম দম্পতি নিঃসন্তান। নিঃসন্তান হলেও এই দম্পতির ভিতরে ভালবাসার টান গভীর। ভালবাসার এই গভীরতার কারণেই আমজাদ হোসেন সন্তান লাভে বিফল হয়েও দ্বিতীয় বার বিয়ের চিন্তা করেন নি। সন্তান নেই তার। নেই জমি জিরুত। উপার্জন বলতে মুক্তিযোদ্ধা ভাতাটুকুই সম্বল। প্রতি মাসে প্রচুর টাকার ঔষধ কিনতে হয় এখন তাঁকে। ভাতার টাকায় কুলোয় না। বয়সও নেই যে অন্য কোন কাজ করে বাড়তি কিছু উপার্জন করবেন। এখন এই দেশই তাঁর সন্তান। স্বাধীন দেশটি নিশ্চয়ই নিজের জন্মের পিছনে অবদান রাখা এই বয়সী লোকটির কথা ভুলে থাকতে পারবে না। এই ভরসা অন্তরে ধারণ করেই নৌকায় পা রাখলাম আমরা।
(১৩ ডিসেম্বর’২০১৬ তারিখে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বাড়িতে আলাপচারিতাই এই লেখার তথ্য উৎস। এখানে অন্য কোন বইয়ের সহায়তা নেয়া হয়নি।) (চলবে)