- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একাত্তরের নায়কেরা-ছলিম উল্লাহ

কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
মুক্তিযোদ্ধা দলে টিকে যাওয়ার পর তাদেরকে পাঠিয়ে দেয়া হলো ইকো ওয়ান ট্রেনিং সেন্টারে। দুইটি গাড়ি প্রায় শ’ খানেক মুক্তির জন্য পাগল দামাল ছেলের দলকে নিয়ে বালাট থেকে যাত্রা শুরু করলো আঁকাবাঁকা পাহাড়ি পথে। রাস্তা কোথাও দুর্গম, কোথাও খাড়াই কোথাও উৎরাই। সকাল সাড়ে নয়টায় গাড়ি ছেড়েছিলো বালাট থেকে। বিকেল চারটার দিকে শিলং এসে স্টপেজ দেয়া হলো। সকলেই নেমে যে যার মতো চা ও হালকা নাস্তা সেরে নিলেন। আধঘণ্টা পর আবার গাড়ি ছুটতে শুরু করলো। এবার রাস্তা আরও বেশি দুর্গম। রাত বারোটার দিকে ইকোওয়ান ট্রেনিংস্থলে পৌঁছালো গাড়ি।
ইকোওয়ান ট্রেনিং সেন্টার যে স্থানে অবস্থিত সেই স্থানটি বৃষ্টিবহুল। দিনরাতের অধিকাংশ সময়ই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে থাকে। ছলিম উল্লাহ বলছিলেন, তারা ৩৭ দিন ওখানে ছিলেন। এর মাঝে মাত্র দুই দিন কয়েক ঘণ্টার জন্য সূর্য দেখেছিলেন তারা। ইকোওয়ানের ৮ম ব্যাচে ট্রেনিং নেন তারা। একসাথে যারা ট্রেনিং নিয়েছিলেন তাদের মধ্যে যাদের নাম মনে করতে পারছিলেন  ছলিম উল্লাহ তারা হলেনÑ ইব্রাহিমপুরের আছদ্দর আলী, এবাদুর, ওদুদ, সুনামগঞ্জ শহরের ষোলঘরের সুজাত ও সেলিম, দিরাইর প্রভাত বাবু, নতুন পাড়ার প্রভাত তালুকদার, দিরাইর স্বপন, টানাখালির নূরুজ্জামান, নগরের সুধীর তালুকদার, পাগলার আরমান, জয়কলসের বাট্টি জালু, হাছননগরের লিয়াকত আলী, জামতলার সাব্বির আহমদ, চাঁদপুর জেলার লক্ষণ চন্দ্র শীল প্রমুখ। ৮ম ব্যাচ প্রশিক্ষণের ব্যাচ কমান্ডার ছিলেন গোলাম রব্বানী।
মূল ট্রেনিং ছিলো ২৮ দিন। জঙ্গলবাস তিন দিন। ট্রেনিংয়ের পর ছলিম উল্লাহসহ প্রায় ৪০ জনকে বালাট পাঠিয়ে দেয়া হলো। তারা বালাট এসে মেজর ডি. সুজার নিকট রিপোর্ট করলেন। ছলিম উল্লাহসহ ২৫ জনকে ডি.সুজা ‘এ’ কোম্পানিতে পাঠিয়ে দিলেন। এই ২৫ জনের গ্রুপ কমান্ডার ছিলেন নগরের সুধীর তালুকদার। সেকেন্ড ইন কমান্ড করা হয় ইব্রাহিমপুরের আছদ্দর আলীকে। ‘এ’ কোম্পানির কমান্ডার তখন গণি হাবিলদার। হেডকোয়ার্টার ভাদেরটেক। ২৫ মুক্তিযোদ্ধা রিপোর্ট করার পর যার যার ডিউটি ভাগ করে দেন কোম্পানি কমান্ডার গণি হাবিলদার। ডিউটি মানে মুক্তিযোদ্ধাদের ডিফেন্স বাংকারে সশস্ত্র অবস্থান গ্রহণ। প্রথম কয়েকদিন ডিউটি করেন ভাদেরটেকের হাছিন আলীর বাড়ির বাংকারে। এরপর উড়ারকান্দা বাংকারেও ডিউটি করেন। এরপর সৈয়দপুর একরু হাজির বাড়ির মুক্তিযোদ্ধা অবস্থানে পাঠিয়ে দেয়া হয় তাকে। ওখানে ডিফেন্স ছিলো কাউয়ার হাওরের পাড়ে কালা মিয়ার হালগড়ায় (জমি চাষের জন্য জমির পাড়ে তৈরি এক ধরনের ঘর)। এসব বাংকারে ও অবস্থানের বিপরীত দিকে অবস্থান করা পাকবাহিনির সাথে প্রায়সই তাদের গুলাগুলি হতো। পাকবাহিনির শক্তি বেড়ে যাওয়ায় সৈয়দপুরে অবস্থান নেয়া মুক্তিযোদ্ধা দল এক পর্যায়ে পশ্চাদপসরণ করতে বাধ্য হন। পিছিয়ে চলে আসেন চিনাকান্দি বাজারে। ওখানে ২ দিন অবস্থান করে দলটি। এরপর ছলিম উল্লাহসহ পুরো দলকে পাঠিয়ে দেয়া হলো বিশ্বম্ভরপুরের পলাশ বাজারে। পলাশ স্কুলে ক্যাম্প গেঁড়ে ২০/২৫ দিন অবস্থান করেন তারা। পলাশে থেকে রামপুর, প্যারীনগর এসব জায়গায় তারা সুবিধাজনকভাবে পাক আর্মির অবস্থানে বেশ কিছু আক্রমণ পরিচালনা করেন।
পলাশ থেকে এরপর তারা চলে আসেন বিশ্বম্ভরপুরে। রাধানগরে ছিলো মুক্তিযোদ্ধাদের অবস্থান। এই অবস্থানে প্রায় পনের দিন ছিলেন ছলিম উল্লাহ। ওখানেই যুদ্ধকালে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি যা এই প্রতিবেদনের শুরুতেই বর্ণনা করা হয়েছে।
এই ছিলো মোটমাট এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার কাহিনি। এক যোদ্ধার কথা মাত্রই নয় মাসের কিছু বীরত্বগাঁথা। এর বাইরে রয়ে যায় তার সুদীর্ঘ জীবন। সেই জীবনের গল্প নিতান্তই আটপৌঁড়ে আর দশটা বাঙালির অতি সাধারণ জীবনের মতোই। কৃষিনির্ভর পরিবারে জন্ম। কৃষিকেই উপজীব্য করে বেঁচে থাকা। ধান্দা বুঝেননি মুক্তিযোদ্ধারা। তাই একটি দেশের নির্মাতা হয়েও ওই দেশের শরীর থেকে খুবলে খুবলে তুলে নিতে পারেন নি মাংশখ-। দারিদ্রতা, কায়ক্লেশ আর নিস্তরঙ্গ জীবনই অধিকাংশ যোদ্ধার। আমাদের যোদ্ধাহত ছলিম উল্লাহর গল্প এমনই। তিনি তিন ছেলে ও ২ মেয়ের জনক। ১ ছেলে পুলিশ কনস্টেবল, আর দুই ছেলে লেখাপড়া করছে। মেয়ে দুইটি প্রাইমারি স্কুলের শিক্ষক। এই নিয়েই সুখী ও তৃপ্ত ৬৪ বছরের মুক্তিযোদ্ধা ছলিম উল্লাহ। তার জন্মতারিখ ১০ সেপ্টেম্বর ১৯৫২ খ্রি.। অর্থাৎ বাঙালি জাতির মোড়ঘোরানো ২১ ফেব্রুয়ারির ৬ মাস ১৯ দিন পর ভূমিষ্ট হয়েছিলেন তিনি। বড় হয়ে তিনি শুনেছিলেন নিজ জন্মসালে রফিক সালাম জব্বার বরকতরা বুকের তাজা রক্ত দিয়ে একটি জাতির স্বাধীনতার বীজ বপণ করেছিলেন এই সবুজ শ্যামল প্রান্তরে। ওদের গর্বিত উত্তরাধিকার তিনি। ভুলেননি। ভুলেননি বলেই রফিক সালাম জব্বার বরকতদের রক্তঋণ শোধ করতে একাত্তরে রক্তদানের শপথ নিয়ে চূড়ান্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এইসব লড়াকু বাঙালির স্বপ্নসাধ কি আমাদের স্বাধীন দেশটি ধারণ করতে সক্ষম হচ্ছে এই সময়ে, অতীতে, অনাগত কালে? প্রশ্নটি তার নয়, এই প্রজন্মের, এই সময়ের।   
(প্রতিবেদনের যাবতীয় তথ্য ২৬ নভেম্বর ২০১৬ তারিখে খাগুরার বাড়িতে মুক্তিযোদ্ধা ছলিম উল্লাহর সাথে  আলোচনা থেকে প্রাপ্ত। এখানে অন্য কোন বই বা লেখার সহায়তা নেয়া হয়নি। ঘটনার তারিখ বা মাস ইচ্ছা করেই নির্দিষ্ট করা হয়নি যেহেতু এগুলো সঠিকভাবে চিহ্নিত করা কঠিন এবং ছলিম উল্লাও নিশ্চিত করতে পারছিলেন না।)  
(চলবে)

  • [১]