- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একাত্তরের নায়কেরা-ছলিম উল্লাহ

কুমার সৌরভ
বিশ্বম্ভরপুর এলাকায় পাকবাহিনির ছুড়া চাইনিজ রাইফেলের গুলিটি বিদ্ধ হয় তাঁর ঠিক ডান পাঁজরে। বেরিয়ে যায় পিঠে গভীর গর্ত করে। রক্তে ভেসে যায় মাটি। লুটিয়ে পড়েন স্বাধীনতার বেদীমূলে আত্মোৎসর্গ করার পণ নিয়ে অংশগ্রহণকারী এক বীর যুদ্ধার দেহ। জ্ঞান হারাননি তিনি। সহযোদ্ধা সুধীর বাবু, মনির উদ্দিন ও প্রভাতবাবু কাঁধে করে তাকে নিয়ে আসেন ধনপুর বাজারে। ধনপুর বাজারের একটি ফার্মেসিতে কম্পাউন্ডার কি জানি ইনজেকশন দিলেন। রক্তক্ষরণ হচ্ছিল। সহযোদ্ধারা দ্রুত তাকে বালাট মুক্তিযোদ্ধা অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলেন। ডা. মোকাব্বির চিকিৎসা শুরু করলেন। ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলেন। নার্স পিয়ারচান বিবি সাধ্যমত শুশ্রুষা করা শুরু করে দিলেন। এরই মাঝে জ্ঞান হারালেন তিনি। বালাট হাসপাতালে ১ দিন থাকার পরও যখন রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না তখন ডা. মোকাব্বির তাঁকে ও অন্য আরেক আহত মুক্তিযোদ্ধা সাচনার মান্নানকে শিলং আর্মি হাসপাতালে পাঠিয়ে দিলেন। আহত মুক্তিযোদ্ধাদের সাথে সঙ্গী হন মুক্তিযোদ্ধা সেলিম ও সুজাত। ১৩/১৪ দিন চিকিৎসা চলে শিলং আর্মি হাসপাতালে। সুস্থ হন তিনি। কিন্তু ততদিনে কাক্সিক্ষত বিজয় অর্জন হয়ে গেছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ২০ ডিসেম্বর। বিজয়ের চার দিন পরে। যুদ্ধে যাওয়া এই বীর মুক্তিযোদ্ধা মরণের নিশ্চিত গন্তব্য থেকে জীবনকে ছিনিয়ে এনে পা রাখলেন সদ্য স্বাধীন ভূখন্ডে। স্বাধীন বাংলাদেশে। ইব্রাহীমপুরে অবস্থানরত সাবসেক্টর কমান্ডার মেজর মোতালিবের নিকট রিপোর্ট করে গভীর আবেগে স্যালুট দিলেন ক্যাম্পে পতপত করে উড়তে থাকা লাল-সবুজ মানচিত্রখচিত জাতীয় পতাকাকে।
উপরের বর্ণনার যুদ্ধক্ষেত্রে আহত বীর মুক্তিযোদ্ধার নাম মো: ছলিম উল্লাহ। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের খাগুরা গ্রামে তাঁর বাড়ি। ২৬ নভেম্বর ২০১৬ তারিখ শনিবার মালেক পীর আমাকে নিয়ে গেলেন খাগুরায়। ছলিম উল্লার বাড়িতে। মোল্লাপাড়া ইউনিয়নের অন্তর্গত বেতগঞ্জ বাজার থেকে আরেকটু উত্তরদিকে মিনিট পাঁচেক হাঁটলেই খাগুরা। রাস্তার লাগুয়া তার আধাপাকা বাড়ি। বাড়ির কাছাকাছি যেতেই মুক্তিযোদ্ধার ছেলে আমাদেরকে পথ দেখিয়ে ঘরে নিয়ে গেলো। ঘরেই ছিলেন ছলিম উল্লাহ। সাদর সম্ভাষণ জানালেন আমাদের। বসার ঘরে নিয়ে গেলেন। সোফায় বসলাম আমরা। তিনি বসলেন খাটের উপরে। সাথে সাথেই চলে আসল কাপ ভর্তি চা আর সেমাই। মালেক ভাই আর আমার পেটে ক্ষিধে ছিলো না। কারণ আমরা শহরে দেশবন্ধুতে নাস্তা করেই গিয়েছিলাম। তাই বলতে হলো, সেমাই পড়ে খাব। আপাতত চা-ই যথেষ্ট। এর মাঝে আবার বাহানা মালেক ভাইর। স্বাস্থ্যবিধি মানতে তিনি দুধ চা খাবেন না। তাকে লাল চা এনে দিতে হলো।
অগ্রহায়ণের মাঝামাঝি হলেও তেমন শীত পড়েনি। গায়ে সুয়েটার লাগিয়েই বের হয়েছিলাম বাসা থেকে। রোদ তাতিয়ে উঠায় বেশ গরম লাগছিল। ছলিম ভাই ফ্যান চালিয়ে দিলেন। হ্যাঁ বিদ্যুৎও আছে খাগুরা গ্রামে। এখন দেশে যে কয়টি খাতে অভূতপূর্ব উন্নতি ঘটেছে বিদ্যুৎ এর অন্যতম। যার জন্য শহর থেকে দূরের খাগুরা গ্রামও এখনও বিদ্যুতের আওতায়। মনে মনে সরকারকে ধন্যবাদ দিতে হলো। চা পানের পর ছলিম ভাইর শরীর দেখতে চাইলাম। গুলিবিদ্ধ সেই পাঁজর আর পিঠ। মুক্তিযোদ্ধা নিজের শরীরের জামা খুলে দেখালেন ৪৫ বছর আগের সেই স্মৃতি। দেশের জন্য রক্ত দেয়ার প্রত্যক্ষ স্বাক্ষী। যেস্থান দিয়ে গুলিটি বিদ্ধ হয়েছিলো পাঁজরের সেই অংশে এখনও হালকা গর্ত মত রয়েছে। কিন্তু পিঠের যে স্থান দিয়ে গুলিটি বেরিয়েছে সে জায়গাটিতে এখনও গভীর গর্ত বিদ্যমান। ৪৫ বছর পরের ক্ষতস্থান দেখে পরিষ্কার বুঝা যায় আঘাতের মাত্রাটি কতোটা ভয়াবহ ছিলো। জীবন নিয়ে ফিরতে পেরেছেন সেই ভাগ্য। বললাম, ছলিম ভাই এখন তো বোনাস জীবনে আছেন। প্রাণটি তো সেই নভেম্বরের শেষ সপ্তাহেই যেতে পারতো। ছলিম ভাই মৃদু হাসলেন। বড় তৃপ্তির সেই হাসি। আসলে দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য কিছুটা করতে পারার এক অন্যরকম অনুভূতি। কতো মানুষই চারপাশে দেখতে পাই যাদের বিন্দুমাত্র অবদান নেই ছিল না কস্মিনকালেও, অথচ তাদের আজ এক এক জন বড় বড় রথী মহারথী। ইচ্ছে হয় তাদের এনে দেখাই এই ক্ষতচিহ্ন। বলতে ইচ্ছে করে দেখ কতোটা ত্যাগের কতোটা সাহসের ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ। কিন্তু বলতে পারি না অক্ষমতার কারণে। মনের রাগ মনেই সামলাই।
ছলিম ভাইর কাছে জানতে চেয়েছিলাম তাঁর যুদ্ধে গমনের সময় থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা। তিনি শুরু করলেন সেই কাহিনি। ১৯৭১ সনে ছলিম উল্লাহ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। বিদ্যালয়ের মুসলিম হোস্টেলে থাকতেন। সেই উত্তাল দিনের অনেক মিছিল, বহু গগনবিদারি শ্লোগান, বহু জনসভা এই সুবাদে দেখার সৌভাগ্য হয়েছিলো তার। কিশোর মনে বাঙালির স্বাধীনতা-স্বাধীকারের বিষয়টি তার মনে স্পষ্ট হয়েছিলো ঠিকই। সরাসরি রাজনীতি করতেন না বলে মনে মনেই ভাবতেন কথাগুলো। শহরে বর্তমান শহীদ আবুল হোসেন মিলনায়তনের পাশে সার্কিট হাউসে অবস্থান করা পাক আর্মির সাথে স্থানীয় মুক্তিকামী জনতার প্রতিরোধ যেদিন শুরু হলো এবং পাকবাহিনির গুলিতে যেদিন রিকশাচালক গনেশ ও আনসার কমান্ডার আবুল হোসেন শহীদ হলেন সেদিন বিকালেই ছলিম উল্লাহ শহর ছাড়লেন। ফিরে গেলেন খাগুড়া। ফিরলেন বটে মনে কিন্তু প্রতিরোধের সেই আগুন ধিকিধিকি জ্বলে। গ্রামের আপাত শান্ত পরিবেশে নিশ্চিত জীবন কাটাতে মন সায় দিচ্ছিল না। সমবয়সী বন্ধুবান্ধবদের সাথে যুদ্ধ বিষয়ে কথা বলেন। এরই মাঝে একদিন ইব্রাহীমপুরে আসেন তিনি। দেখা হয় আছদ্দর আলী ও ওদুদ মিয়ার সাথে। আছদ্দর আলী বললেন, দেশে থাকা যাবে না। বর্ডার পেরিয়ে যুদ্ধের ট্রেনিং নিতে হবে। তিনি সঙ্গীসাথীসহ বর্ডার পেরোনোর জন্য পরামর্শ দিলেন তাকে। আছদ্দর আলীর কথায় পথের দিশা খোঁজে পান ছলিম উল্লাহ। ফিরে আসেন নিজ গ্রামে। গ্রামের মনির উদ্দিন, সৈদ আলী, নূরুল ইসলাম, জহুর আলী, রাশিদ আলীসহ আরও কয়েকজন বর্ডার পেরোনোর সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত মোতাবেক জ্যেষ্ঠ মাসের এক রাতে নৌকায় গ্রাম ছাড়লেন তারা। এখলাছ আলী নামক এক ব্যক্তির নৌকায় চড়ে সীমান্তবর্তী বনগাঁও আসলেন শেষ রাতে। বনগাঁওয়ে কালা মিয়া নামক এক ভদ্রলোক ছিলেন তাদের সাথী রাশিদ আলীর মামা। তাই তারা কালা মিয়ার বাড়িতেই উঠলেন। কালা মিয়াও মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন। পরদিন কালা মিয়া তাদেরকে জয়বাংলা বাজার নিয়ে গেলেন। সেখানে সুনামগঞ্জ মুক্তি সংগ্রাম পরিষদের কয়েকজন নেতার সাথে দেখা হয়। ছলিম উল্লাহ ও তার দল যুদ্ধে যাওয়ার জন্য নেতাদের কাছে নাম তালিকাভুক্ত করান। নাম লিখানোর পর আবারও বনগাঁও ফিরে আসেন। পরদিন যান বালাট রিক্রুটিং সেন্টারে। সেন্টারে গিয়ে তারা দেখতে পেলেন যুদ্ধে যাওয়ার জন্য অজস্র লোক জমা হয়েছে। সেখানে দুইটি তালিকা করা হচ্ছে। একটি যারা লেখাপড়া জানেন তাদের। অন্যটি যারা লেখাপড়া জানেন না তাদের। বলা হলো লেখাপড়া জানা তরুণদের প্রথমে পাঠানো হবে। খাগুরা থেকে যাওয়া দল থেকে ছলিম উল্লাহ, সৈয়দ ও মনির লেখাপড়া জানায় প্রথমে যুদ্ধে যাওয়ার সুযোগ পেলেন। বাকিদের অপেক্ষায় থাকার জন্য বলা হলো।
আলোচনার এই পর্যায়ে ছলিম উল্লাহ সহযোদ্ধা মনির উদ্দিনকে মোবাইল করে আনালেন। সব তথ্য তিনি বলতে পারছিলেন না। তাই মনির উদ্দিনের সাহায্য প্রয়োজন। এই মনির উদ্দিন ও ছলিম উল্লাহ পুরো যুদ্ধের সময় একসাথে কাটিয়েছেন। তাই তাদের যুদ্ধস্মৃতিও মোটামোটি অভিন্ন। মুক্তিযোদ্ধা মনির উদ্দিন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাংগঠনিক কমান্ডারের দায়িত্বও পালন করছেন। মনির উদ্দিন আসার ফাঁকে মালেক ভাই টেবিলে রাখা সেই সেমাইর বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করলেন।  অগত্যা আমাকেও তাই করতে হলো।
মনির উদ্দিন আসার পর আবার আলাপ জমল।
(চলবে)

  • [১]