কুমার সৌরভ
শহরের চাঁদনিঘাট দিয়ে সুরমা নদী পেরিয়ে ইব্রাহিমপুর। বালি ও পাথরের স্টেক পেরোনোর পর কয়েকটি দোকানের বাজার। দাঁড়িয়ে রয়েছে কিছু মোটরসাইকেল। এক চালক এগিয়ে এসে জিজ্ঞেস করলেনÑকোথায় যাবেন স্যার ? বেশ সপ্রতিভ মনে হলো চালকটিকে। মালেক ভাই বললেন- ফেনিবিল, জজ মিয়ার বাড়ি। চালক বলল, উঠেন। মালেকভাই দাম-দর ফুরোতে চাইলেন। চালক এক শ’ টাকা চাইলে তিনি দরাদরি শুরু করলেন। শেষে ১ শ’ টাকায়ই রওয়ানা হতে হলো। মালেকভাইর দরাদরি বিফলে গেল। মোটর সাইকেল আমাদের নিয়ে ছুটে চললো উত্তরে। ইব্রাহিমপুর গ্রাম পেরোতেই খোলা মাঠ, রাস্তার দুইপাশে বিস্তীর্ণ জমি পরিষ্কার করা হচ্ছে বোরো ধান রোপণের জন্য। আরও উÍত্তরে যেতে আমন ফলা সোনা রঙের মাঠ দৃশ্যমান হলো। কোথাও ফসল কাটা শেষ হয়েছে। কোথাও মাঠ ভর্তি ধান পেকে রয়েছে কাটার অপেক্ষায়। ধান খেতের পাশাপাশি নজর কাড়লো শীতকালীন সবজির খেত। শিম, লাউ, ফুলকপি, বাঁধাকপি, লালশাঁক কত কি…। এইসব খেত দেখে মনে হলো আমাদের ছোটবেলায় জেলা সদরে সবজি আসতো বাইরে থেকে। স্থানীয় সবজির আমদানি ছিল না বললেই চলে। আর আজ সুনামগঞ্জের সবজি প্রতিদিন যাচ্ছে বাইরে। সবজির এই বিপ্লব ঘটিয়েছেন কিছু ভিন জেলার আগত সংগ্রামী মানুষ। তাঁরা কেউ এসেছেন ভৈরব থেকে কেউ নরসিংদী থেকে কেউ কিশোরগঞ্জ থেকে। এদের আগমনের ইতিহাস খুব বেশি পুরানো নয়। উনিশ শতকের চল্লিশের দশক থেকে শুরু। তাঁরা জাদুর কাঠির স্পর্শে একটি অনাবাদী বিশাল ভূখ-কে সবুজের মহিমা দান করলেন। কিছু নি®ফলা জমিকে করে তুললেন শস্যবতী। এমনই বহিরাগত এক ভদ্রলোকের সন্ধানে ছুটছি আমরা।
মোটরসাইকেল এসে থামলো চৌমোহনী বাজারে। বাজারে ঢুকেই মালেক ভাই মধু মিয়ার দোকানে গিয়ে জজ ভাই বাড়িতে আছেন কিনা জানতে চাইলেন। মধু মিয়া আমাদের প্রার্থীত ব্যক্তি জজ মিয়ার ছোট ভাই। মালেকভাই সকলের কাছেই সুপরিচিত। দোকান থেকে বলা হলো জজ মিয়া বাড়িতেই আছেন। আবার মোটর সাইকেল ছুটে চললো অনতিদূর ফেনিবিলের জজ মিয়ার বাড়ির উদ্দেশ্যে। ফেনিবিলের অল্পদূরেই ডলুরা শহীদ স্মৃতিসৌধ ও বালাট সাবসেক্টর হেডকোয়ার্টার। মিনিট পাঁচেকের মাথায়ই পৌঁছে গেলাম জজ মিয়ার বাড়ির সামনে। এল প্যাটার্ন বাংলো টাইপ টিনের ছাউনিযুক্ত চমৎকার একটি বাড়ি তখন চোখের সামনে। এটিই জজ মিয়ার বাড়ি।
মালেক ভাই বদ্ধ গেটে শব্দ করলেন। ডাক দিলেন- জজ ভাই বাড়িত আছইননি। কয়েকবার ডাকার পর ভিতর থেকে বেরিয়ে এলেন এক মহিলা। তিনি জিজ্ঞাসু চোখে তাকালেন আগন্তুকদের উদ্দেশ্যে। মালেকভাই জানতে চাইলেন জজভাই বাড়িতে আছেন কিনা। হ্যাঁসূচক জবাব দিয়ে ওই মহিলা ভিতরে আসতে বললেন। তিনি গিয়ে ড্রয়িংরুমের দরোজা খুলে দিলেন। কিন্তু আমরা ড্রইংরুমে না বসে বারান্দায় পাতা চেয়ারেই বসলাম। মালেক ভাই বললেন, জজভাইকে খবর দিন। অল্পক্ষণের মধ্যেই আসলেন তিনি। মালেক ভাইকে দেখেই তিনি উচ্ছ্বসিত হলেন। তার পরনে লুঙ্গি। পায়ে কাপড়ের জুতো। গায়ে শার্ট। তার উপর লাল চাদর জড়ানো। মুখভর্তি ছোট করে ছাটা দাড়ি। মোটাসোটা শরীরের অধিকারী। বয়সের ভারে কিছুটা ধীর। মালেক ভাই ও আমার মাঝখানের চেয়ারটিতে বসলেন তিনি।
জজ মিয়া তাঁর মূল নাম নয়। কিন্ত্র এ নামেই তাঁর ব্যাপক পরিচিতি। কেতাবী নাম মো: লুৎফুর রহমান। তাঁর পিতা মরহুম হাজী রমজান আলী শিকদার নরসিংদীর রায়পুরা উপজেলার মহেষপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রাম থেকে যে বছর ফেনিবিলে এসে বসতি স্থাপন করেন তার বছর খানেক আগে জজ মিযার জন্ম। কাগজে পত্রে তাঁর জন্ম তারিখ ০১ জানুয়ারি ১৯৫৪ খ্রি.। ওই হিসেবে তাঁর বয়স এখন ৬২ বছর। কিন্তু জজ মিয়া বললেন তার আসল বয়স ৭০ ছুঁয়েছে।
মালেক ভাই আমাকে পরিচয় করিয়ে দিলেন। বললেন, উনি মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করেন। আপনাকে নিয়ে একটি স্টোরি করতে চান। তাই এসেছেন। এভাবেই আমরা এখন বয়সের ভারে কিছুটা ন্যুজ্ব কিন্তু একাত্তরে টগবগে এক সাহসী তরুণের যুদ্ধস্মৃতির ভিতরে ঢুকার রাস্তা তৈরি করি। আলাপ শুরু হয়। আমি নোট করি। মালেক ভাই সূত্রধরের মতো ছিন্ন প্রসঙ্গ জোরা দিতে সাহায্য করেন। এভাবেই দুপুর আড়াইটা বেজে যায়।
১৯৭১ সনে জজ মিয়া ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক। ছাত্রলীগের মনোনয়নে। সুতরাং যুদ্ধে জড়িত হওয়ার প্রেক্ষাপটটি জানার আর কোন প্রয়োজন পড়ে না। তিনি তখন একই সাথে রায়পুরা থানা স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মীও ছিলেন। স্বেচ্ছাসেবক টিমের প্রধান হয়েই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুনতে দলবলসহ লাঠি হাতে রেসকোর্স ময়দানে চলে গিয়েছিলেন আগের দিন বিকালেই। নিজ চোখে দেখেছেন ও শুনেছেন বাংলার ইতিহাসের যুগান্তকারী সেই মহাকাব্যিক ভাষণ। জজ মিয়া বললেন, ওই ভাষণের পরই আমরা বুঝে গেছি একটি যুদ্ধ অত্যাসন্ন। ২৫ মার্চ ঢাকা ক্র্যাকডাউনের পর দলে দলে লোকজন ঢাকা ছাড়তে শুরু করল। তখন ভৈরব রেলস্টেশনের কাছে দৌলতকান্দিতে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। জজ মিয়া ওই আশ্রয়কেন্দ্রে তখন আগত লোকজনের আশ্রয়, বিশ্রাম ও খাদ্য জুগানোর দায়িত্বে নিয়োজিত। পাক আর্মি ভৈরব দখল করার আগে পর্যন্ত চালু ছিল ওই আশ্রয়কেন্দ্র।
জজ মিয়াদের পরিকল্পনা ছিল আগরতলা চলে যাওয়ার। সেখানে ট্রেনিং নিয়ে রণাঙ্গনে এসে যুদ্ধে অংশগ্রহণ। সেরকম প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু তাঁর আর আগরতলা যাওয়া হয়নি। কারণ দেশের অবস্থা বুঝে তার পিতা বাড়ি থেকে এক মামাকে ভৈরব পাঠিয়ে দেন। মামাকে তার বাবা বলে দিয়েছিলেন জজ মিয়াকে মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি নিয়ে আসতে। মামা ওরকমই বললেন। জজ মিয়া মায়ের অসুখের খবর শুনে আগরতলা যাওয়ার ইচ্ছা ত্যাগ করে ফেনিবিল চলে আসেন।
জজ মিয়ার পিতা নিজেদের নিরাপত্তার স্বার্থে আগেই ফেনিবিল পার্শ্ববর্তী ভারতের অভ্যন্তরে শ্যামের টিলায় একটি বাড়ি নিয়ে রেখেছিলেন। জজ মিয়ার মাসহ পরিবারের ছোটরা ওখানেই থাকতেন। মাকে দেখে জজ মিয়ার বুঝতে বাকি থাকে না অসুস্থতার কথাটি ছিল নিতান্তই একটি বাহানা। আসল উদ্দেশ্য হলো ছেলেকে বাড়ি ফিরিয়ে আনা। কিন্তু রক্তে যার ৭ মার্চের ভাষণের শিহরণ সেকি আর নিরবে বসে থাকতে পারে। দিনে ফেনিবিল আর রাতে শ্যামের টিলা, এভাবেই চলছিলো ভৈরব প্রত্যাগত কলেজ ছাত্র জজ মিয়ার দিন তখন। এদিকে সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এসব জায়গা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের আনাগুনা বেড়ে যায় ভারত সীমান্তে। এইসব তরুণদের সাময়িক আশ্রয় দেয়ার জন্য তখন স্থানীয়ভাবে একটি কমিটি করে দেন সুনামগঞ্জ জেলা মুক্তি সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। অন্যদের সাথে জজ মিয়া যুদ্ধে অংশগ্রহণকারীদের আশ্রয় ও ভারত পাঠানোর কাজে লেগে যান। (চলবে)