- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

একাত্তরের নায়কেরা-সাধন ভদ্র

কুমার সৌরভ
তথ্যটি জানা ছিল যে, ইকো ওয়ান ট্রেনিং সেন্টার থেকে ১ম ব্যাচে ট্রেনিং নিয়ে আসা মুক্তিযোদ্ধাদের যে দলটির সেলা সাব সেক্টরে পোস্টিং হয়, সেই দলের প্রথম সামরিক অপারেশনের প্রথম কমান্ডার ছিলেন সাধন ভদ্র। সুনামগঞ্জ শহরের উকিলপাড়ার স্বনামধন্য ভদ্র বাসার বড় ছেলে তিনি। যুদ্ধক্ষেত্রে সাধন ভদ্রের অসীম সাহসিকতার নানা গল্পগাঁথা লোক মুখে শুনে আসছিলাম ছোট বেলা থেকেই। তাই মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ শুরু করার প্রথম থেকেই তাঁকে উপজীব্য করার একটি ইচ্ছে ছিলো মনে। সুযোগ হয়ে উঠেনি। গত বৎসর এরকম ডিসেম্বর মাসেই একবার চেষ্টা করেছিলাম। তাঁর বাসাঅব্ধি গেছিলামও। সেদিন জরুরি কাজে তখনই বের হয়ে যাচ্ছিলেন তিনি বাসা থেকে, গ্রামের বাড়ি ব্রাহ্মণগাঁও যাবেন। সুতরাং বসা আর হলো না। এর পরেও কয়েকবার যোগাযোগ করেন মালেক ভাই তাঁর সাথে। মনে নেই, ব্যস্ত রয়েছি, পরে হবে এমনসব খুড়া যুক্তি দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন সাধন দা। মালেক পীর নাছোরবান্দা লোক। শহরের সকলেই সেটি জানে। আমিও জেদ ধরেছি, একদিন না একদিন তাঁকে ইন্টারভিউ করবই। তক্কে তক্কে ছিলাম। মুক্তিযোদ্ধা সংসদ অফিসে ইদানীং মাঝে মধ্যে আসেন তিনি। সেখানেই দেখা হয় মালেক ভাইর সাথে। মালেক ভাই তাকে তাতিয়ে তুলেন। আপনি এতো বড় একজন যোদ্ধা ছিলেন, অথচ বর্তমান প্রজন্ম তার কিছুই জানে না। এরকম কথা বলে সাধনদার ভিতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলতে নানা কিসিমের তৎপরতা শুরু করলেন। ফল হলো। বরফ গললো। কয়েক দফা তারিখ পরিবর্তন করে মোটামোটি স্থির হলো ১৪ ডিসেম্বর’২০১৬ তারিখের বিকালে তিনি আমার সাথে কথা বলবেন। আমরা যেন সময়মতো তাঁর বাসায় চলে যাই।
ঠিক কাটায় কাটায় পাঁচটা বাজতেই সাধনদার বাসার সামনে পৌঁছে যাই মালেক পীর সমেত। সাধন দা বোধ করি আমাদের প্রতীক্ষাই করছিলেন। ড্রইংরুমে বসলাম। মুখোমুখি একটি ডিভানে বসলেন সাধন দা। একাত্তরের এক সাহসী মুক্তিযোদ্ধার জীবনের সামান্য কিছু জানতে আমি বিলম্ব না করেই খাতা-কলম খুলে বসলাম। প্রশ্ন করে করে নোট নেই। মাঝে মধ্যে আপন মনে বলে যাচ্ছিলেন তিনি। আমি নোট নেই। কখনও কখনও মালেক ভাই স্মরণ করিয়ে দিচ্ছিলেন আর তিনি  ঢুকে পড়ছিলেন সোনালী অতীতে। আমি নোট নেই। এভাবেই দুই ঘণ্টা কথা বললাম। কিন্তু কথা কি আর ফুরোয়। এক যোদ্ধাকে এত কম সময়ে জানার নয়। আবার যেটুকু জেনেছি সেটুকুও একটি লেখার শরীরে লাগিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ পত্রিকায় লিখা দিতে হলে শব্দ গুনে গুনে লিখতে হয়। তাই জীবনচিত্রের ঝলক দেখাতে যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আহরণ করে বাকিটুকু তাঁকেই শেষ করার আবদার রেখে বিদায় নিতে হলো। আবদার বলতে, তাঁকে অনুরোধ করলাম যুদ্ধস্মৃতি নিজের বয়ানে লিখার-ডায়েরির মতো করে। তিনি রাজি হলেন। কথা ঠিকঠাক থাকলে সামনের মার্চে কমান্ডার সাধন ভদ্রের যুদ্ধস্মৃতি হয়তো তাঁর নিজের নামেই পত্রিকায় প্রকাশ পাবে।
ব্রাহ্মণগাঁওর সম্ভ্রান্ত পরিবারের সন্তান সুধীর রঞ্জন ভদ্র শহরে এসে বসতি স্থাপন করেন উকিলপাড়ায়। সুধীর বাবুর বড় সন্তান সাধন ভদ্র। এসএসসি পাস করেছেন জুবিলী হাই স্কুল থেকে ১৯৬৬ সনে। এর পর ভর্তি হন সরকারি কলেজে। বোহেমিয়ান   চলাফেরায় লেখাপড়ার গতিতে ছেদ পড়েছে বুঝাই যায় ইন্টারমিডিয়েট ১৯৭২ সনে পাস করা থেকে। মূলত তিনি যখন ১৯৬৬ সনে কলেজে ভর্তি হলেন তখন তরুণ যুবকদের নিরিহ গোবেচারা ভাল ছাত্র হয়ে থাকার সুযোগ কমই ছিলো। কারণ পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে বাঙালি জাতিয়তাবাদী আন্দোলন তখন নানা মোড় সৃষ্টিকারী ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। কোন সচেতন তরুণ যুবক রাজনীতির এই আলোড়ন থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে না। আর সাধন ভদ্রের মতো পাড়া বেড়ানো বন্ধু ও আড্ডাপ্রিয় এবং অতি অবশ্যই রাজনীতি সচেতন ব্যক্তির পক্ষে তো এটি একেবারেই অসম্ভব। এই সাধন ভদ্র সবে প্রবেশিকার গ-ি পেরিয়েছেন কি পেরোননি এরকম সময়েই আইয়ুব বিরোধী তীব্র গণআন্দোলনে জড়িয়ে পড়লেন। এই আন্দোলনের এক পর্যায়ে ছাত্রনেতারা শহরের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠান থেকে মহাপরাক্রমশালী লৌহমানব আইয়ুব খানের ছবি উঠিয়ে এনে তৎকালীন পুরাতন কলেজ প্রাঙ্গণে (বর্তমানে আলফাত উদ্দিন স্কয়ার) জড়ো করে ভেঙে ফেললেন। ওই আইয়ুবের ছবিভাঙা আন্দোলনে ছোট সাধন ভদ্রও জড়িত। স্মৃতিচারণ করে তিনি বলছিলেন, আইয়ুবের ছবি ভাঙার সময় পুলিশ এসে শহরের তখনকার জাঁদরেল ছাত্রনেতা চৌধুরী মনসুর আহমদ, গোলাম রব্বানী, সুফি ভাই (পরবর্তীতে অ্যাডভোকেট), আনোয়ার মিয়া, মানস রায় ও মিনু চৌধুরীকে গ্রেফতার করে। ছাত্রনেতাদের গ্রেফতারের প্রতিবাদে পরদিন শহরে পালিত হয় সর্বাত্মক হরতাল। আইয়ুব খানের গালে জুতা মারো তালে তালে, জেলের তালা ভাঙব মনসুর ভাই রব্বানী ভাইকে আনব, রাজবন্দীদের মুক্তি চাইÑ  এমনসব আগুন ঝরানো শ্লোগানে-মিছিলে ছোট সুনামগঞ্জ হয়ে উঠে উত্তাল। দুই মাস কারাবাসের পর ছাত্রনেতারা জামিনে মুক্ত হলেন। পুরো আন্দোলনকালেই সাধন দা অগ্রজদের সাথে থেকে সকল কর্মসূচীতে অংশ নিয়েছেন। এহেন সাধন ভদ্রের লেখাপড়া যে সরলরেখায় এগোতে পারে না তা বলে বুঝানোর দরকার নেই।
ছাত্র ইউনিয়ন করতেন তিনি। মতিয়া গ্রুপ। গোলাম রব্বানী তাঁদের অপ্রতিদ্বন্দ্বী নেতা। শহরে তখন ছাত্র ইউনিয়নের মতিয়া ও মেনন গ্রুপ এই দুই সংগঠনই সবচাইতে জনপ্রিয় ও প্রভাবশালী। মেনন গ্রুপের কিংবদন্তীতুল্য নেতৃত্ব তখন চৌধুরী মনসুর আহমদের কাঁধে। কলেজ সংসদে বরাবরই মতিয়া গ্রুপ জনপ্রিয়। সাধন ভদ্রও নির্বাচন করলেন। ছাত্র ইউনিয়নের প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হলেন। ওই প্যানেল থেকে ভিপি তখন হুমায়ুন রশীদ চৌধুরী আর জিএস সাইফুর রহমান শামছু। ১৯৭১ সন পর্যন্ত বাঙালি জাতির মুক্তির প্রস্তুতির লক্ষ্যে জাতীয়ভাবে পরিচালিত কর্মসূচী যেগুলো সুনামগঞ্জে পালিত হতো তার সবগুলোতেই সাধন ভদ্রের ছিলো সক্রিয় অংশগ্রহণ। এভাবেই আসল কালজয়ী ৭ মার্চ। রেসকোর্সে বঙ্গবন্ধুর মহাকাব্যিক ভাষণে কৌশলী শব্দ চয়নে প্রত্যক্ষভাবে স্বাধীনতার যে ঘোষণা দিলেন সেটি বুঝতে বাকি রইলো না কারও। ওই অমোঘ নির্দেশের বাস্তবায়ন তখন প্রতিটি বাঙালির অবশ্য কর্তব্য। সুনামগঞ্জ কলেজে ছাত্র ইউনিয়ন ও ছাত্র লীগ মিলে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদকে দিকনির্দেশনা দিতে লাগলেন শহরের রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রতিদিনই মিছিল মিটিং হতে থাকলো। আর ভিতরে ভিতরে সবাই অত্যাসন্ন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নিতে শুরু করলেন। মিছিলের গগনবিদারী শ্লোগান আর তেজোদ্দীপ্ত ভঙি যেন ওই যুদ্ধে নামারই মহড়া মাত্র।
আসল সেই মুহূর্ত। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই আমন্ত্রণ নিয়ে আসল  আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা। পাক বাহিনি শহরে প্রবেশ করল ২৭ মার্চ বিকেলে। উঠল পুরাতন সার্কিট হাউসে। স্থানীয় ছাত্র জনতা মিছিল করে তৎকালীন এসডিওকে পাকবাহিনির সদস্যদের সার্কিট হাউস না দেয়ার দাবি জানালেন। কিন্তু অস্ত্রের মুখে এসডিও’র নতি স্বীকার করতে হলো। এদিকে পাক বাহিনি শহরে প্রবেশ করেছে এই সংবাদে মানুষের মনে অভূতপূর্ব প্রতিক্রিয়া তৈরি করল।     (চলবে)

  • [১]