স্টাফ রিপোর্টার
অমর একুশে বই মেলায় সুনামগঞ্জের কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক হাসান শাহরিয়ারের ‘শেষ ভালো যার সব ভালো তার’ বই প্রকাশিত হয়েছে। ঢাকার উৎস প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে মোট ২২টি প্রবন্ধ স্থান পেয়েছে। প্রবন্ধগুলো ইতোপূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় উপসম্পাদকীয় হিসাবে প্রকাশিত হয়েছিল। বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর সৈয়দ মনজুরুল ইসলাম। বইটির শেষদিকে হাসান শাহরিয়ারের সংক্ষিপ্ত জীবনী লিখেছেন সাংবাদিক হুমায়ুন রশিদ চৌধুরী। হাসান শাহরিয়ার বইটি উৎসর্গ করেছেন তাঁর অগ্রজ আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী ও তাঁর স্ত্রী শিক্ষিকা গুলনূর চৌধুরীকে। বইটি পাওয়া যাবে সুনামগঞ্জের একুশে বই মেলাসহ বিভিন্ন লাইব্রেরীতে।
উল্লেখ্য, হাসান শাহরিয়ার প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ট পুত্র। তিনি ঢাকাসহ বিদেশের বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে কমনওয়েলথ সাংবাদিক ইউনিয়নের এমিরেটাস সভাপতি। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখছেন তিনি। ইতোপূর্বে ‘অতীত অতীত নয়’ ও ‘নিউজ উইকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-বিজয় এবং তাঁর পর’ নামে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে।