জগন্নাথপুর অফিস
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপি শিশু-কিশোদের বইমেলা শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম।
মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোদের অংশগ্রহণে ৭টি স্টল বসেছে ।
সকাল ৯টা থেকে আনন্দ উৎসবে ঝাঁকে ঝাঁকে ক্ষুদে শিশু-কিশোরদের দল মেলার স্টলে ভিড় করছে। হাসিখুশিতে বই কিনছে তাঁরা তাদের অভিভাবকদের নিয়ে। মেলায় কথা হয় কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী রিতু বেগম সঙ্গে। সে জানায়, খুবই ভালো লাগছে মেলায় এসে। ‘আমার প্রিয় খোকা’ নামে একটি বই কিনতে পেরে আমি খুশি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, শিশু-কিশোদের মধ্যে মাতৃভাষার চেতনা বিকাশে আমরা তিনদিন ব্যাপি বই মেলার আয়োজন করেছি। মেলায় ১০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। আগামী ২২ ফেব্রুয়ারি মেলা সমাপ্তি হবে।