- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এক কৃষক আহত, ফসলি জমির ক্ষতি

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে বন্য হাতির আক্রমণে এক কৃষক আহত হয়েছেন। আহত কৃষকের নাম নূর ইসলাম (৫০), সীমান্তের মাহারাম গ্রামে বাড়ি তার। এছাড়া হাতির দল কৃষকদের ফসলি জমি ও গাছগাছালির ক্ষতি করেছে। মঙ্গলবার গভীর রাতে সীমান্তের ওপারের ভারতীয় সীমানার খাসিয়া পাহাড় থেকে ৪ টি হাতি তাহিরপুর সীমান্তের লোকালয়ে চলে আসে। বুধবার দিনভর ওই সীমান্তে বন্য হাতির আতঙ্ক ছিল।
স্থানীয়রা জানান, বুধবার সারা রাত বাড়ির আঙ্গিনায়, পথে পথে আগুন দিয়ে বসেছিলেন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বড়গোপটিলা এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে হাতির দল ফিরে গেছে নিজেদের ঠিকানায়।
সীমান্তবাসীর উদ্বেগের কথা জেনে পুলিশ ও বিজিবি বুধবার বিকালে সীমান্তে মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছিল। একই সঙ্গে হাতি না মারার জন্যও নির্দেশনা দেয়া হয়।
রাতে হাতির উৎপাত থেকে বাঁচতে এলাকাবাসী বসতঘরের পাশে আগুনের কু-লি জ্বালিয়ে নির্ঘুম রাত কাটায়। বৃহস্পতিবার ভোর রাতে হাতির দল যে পথ দিয়ে এসেছে, ওই পথেই চলে যাওয়ায় স্বস্তি আসে সীমান্ত এলাকায়।
এলাকাবাসী জানান, মঙ্গলবার গভীর রাতে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে চারটি বন্য হাতি নেমে আসে। ওই হাতিগুলো সীমান্তের গ্রাম কড়ইগড়া, মাহরাম, বড়গোপটিলাসহ কয়েকটি গ্রামের আমন ধান, কলাগাছ, অন্যান্য গাছসহ কৃষকদের ক্ষতি করছে। বড়গোপটিলার উপরের উত্তর দিক থেকে নেমে দক্ষিণে মাহরাম টিলার জঙ্গলে আসে ওই চার হাতি।
ভয়ে আতঙ্কে ওই এলাকার বাসিন্দারা শিশু ও বৃদ্ধদের পাশের গ্রামের আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠিয়ে দেন। যারা বাড়িতে ছিলেন, তারা বুধবার সন্ধ্যা থেকে বাড়ির আঙ্গিনায় ও পথে পথে আগুন জ¦ালিয়ে (আগুন থেরাপি) অবস্থান নিয়ে জেগে থাকেন।
মাহরাম টিলার বাসিন্দা হেলিম মিয়া জানান, গাছপালা বাঁশ ও ধানক্ষেত নষ্ট করে গেছে হাতি। এলাকাবাসী হাতিকে আক্রমণ করার কোন চেষ্টা করেন নি। বুধবার তাহিরপুর থানা পুলিশ ও বিজিবি এসে হাতিকে আক্রমণ না করতে মাইকে প্রচারণা চালানোয় সকলে এই বিষয়ে সতর্ক ছিলেন।
বড়গোপ টিলার বাসিন্দা চন্দনা খাতুন বললেন, খাসিয়া পাহাড়ের উত্তর দিকের পথ দিয়ে হাতি নেমে দক্ষিণ দিকে এসেছিল। মানুষ দৌঁড়াদৌড়ি শুরু করেন। সারা রাত বাড়ির আঙ্গিনাসহ পথে পথে আগুন জ¦ালিয়ে বসায় হাতির দল যে পথ দিয়ে এসেছিল ওই পথেই খাসিয়া পাহাড়ের দিকে চলে গেছে।
মাহারাম টিলার বাসিন্দা আহত কৃষক নূর ইসলাম জানান, বুধবার বিকালে জমিতে কাজ করে ফেরার সময় হঠাৎ করেই ছোট একটি হাতি তাকে আক্রমণ করে। তিনি গর্তে পড়ে যান। তার চিৎকার শুনে অন্যরা এসে তাকে উদ্ধার করেন। পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দল ধানের জমির ক্ষতি করেছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, চারটি হাতির কারণে সীমান্তবাসীর উদ্বেগের কথা জেনে আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ মাইকিং করে রাতে বসতবাড়ির সামনে ‘আগুন থেরাপি’ দেবার কথা বলেছে। সকালে এলাকাবাসী জানিয়েছেন, হাতির দল ফিরে গেছে।

  • [১]