- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘এক টাকা ব্যয় হলেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

আমিনুল ইসলাম, তাহিরপুর
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তথ্য গোপন করলে গুজব ডালপালা ছড়ায়। তাই তথ্য গোপন করা যাবে না। সরকারি কর্মকর্তারা হচ্ছেন জনগণের সেবক। সেবকদের তথ্যের ডালি নিয়ে বসে থাকলে চলবে না, জনগণের কাছে তথ্য পৌঁছে দিতে হবে।
তাহিরপুর উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ এসব কথা বলেছেন।
শুক্রবার তাহিরপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন।
ইউনিয়ন পরিষদ থেকে জেলা পর্যায়ে সব সরকারি দপ্তরে তথ্য উন্মুক্ত রাখার তাগিদ দিয়ে মরতুজা আহমদ বলেছেন, সরকার যেখানে এক টাকাও ব্যয় করবে, সেখানে তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশে অনেক উন্নয়ন হচ্ছে। দুর্নীতির কারণে এসব উন্নয়ন-অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না।
মরতুজা আহমদ বলেন, উন্নয়নের সুফল সবাইকে পেতে হবে। সামাজিক সাম্য প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, দুটি পদ্ধতির মাধ্যমে তথ্য গ্রহণ করতে পারবেন। এর একটি হলো, প্রতিষ্ঠান নিজে থেকেই তথ্য জনগণকে অবহিত করবে। অন্যটি হলো, কোনো ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে তথ্য পেতে পারেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আমিনুল এহসান খান, সহকারী পরিচালক মো. সালা উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের, অ্যাড শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্মকর্তা দীপক বৈরাগী, ভোরের কাগজ প্রতিনিধি সাজ্জাদ হোসেন, সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর সদর ইউপি সদস্য মল্লিকা খাতুন প্রমুখ।

  • [১]