- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এক বাজারে দুই ইউনিয়ন পরিষদের কার্যক্রম

এনামুল হক, ধর্মপাশা
একই উপজেলার দুটি আলাদা ইউনিয়ন। অথচ এক বাজারেই চলছে দুই ইউনিয়ন পরিষদের কার্যক্রম। আবার দুটি ইউনিয়ন পরিষদের কোনোটিরই নেই নিজস্ব কমপ্লেক্স ভবন। এক ইউনিয়ন পরিষদের কমিউনিটি সেন্টারে চলছে আরেকটির কার্যক্রম। ফলে দূরবর্তী ইউনিয়নের বাসিন্দাদের সেবা নিতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি পোহাতে হয় চরম দুর্ভোগ। জায়গা সংকটের জন্য পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতেও সংশ্লিষ্টদের পড়তে হয় বিপাকে। দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে মধ্যনগর ও চামরদানী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে এভাবেই।
ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চামরদানী ইউনিয়নের রামদীঘাতে একটি ইউনিয়ন পরিষদ ভবন ছিল। যা পরিত্যাক্ত হয়েছে অনেক আগেই। এ কারণে মধ্যনগর বাজারে মধ্যনগর ইউনিয়ন কমিউনিটি সেন্টারে চামরদানী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই চামরদানী ইউনিয়নের জনগণকে সামান্য সেবা পেতেও কয়েক কিলোমিটার দূর্গম পথ পাড়ি দিয়ে মধ্যনগর বাজারে পৌঁছাতে হয়। এতে করে ওই ইউনিয়নের নাগরিকদেরকে মধ্যনগর বাজারে পৌঁছে সেবা নিতে দুই থেকে তিনশ টাকা খরচ করতে হয়। চামরদানী ইউনিয়নের সুবিধাজনক জায়গায় ভবন নির্মাণের দাবি স্থানীয়দের।
এদিকে মধ্যনগর ইউনিয়ন পরিষদেরও কোনো কমপ্লেক্স ভবন নেই। একটি ছোট পাকা ভবনে কোনো রকমে চলছে এর কার্যক্রম। উপজেলার সীমান্তবর্তী বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। এই ইউনিয়নের কার্যক্রমও চলছে স্থানীয় মহিষখলা বাজারে একটি ছোট পাকা ভবনে। যদিও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন রয়েছে। তবে এটি নির্মাণের বছর খানেকের মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি এই ভবনের কিছুটা সংস্কার করা হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয় ওই ইউনিয়নের গোলকপুর বাজারে একটি ভাড়া করা ঘরে।
চামরদানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ বলেন, ‘একটি আবদ্ধ ঘরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। আমার ইউনিয়নের বলরামপুর, আলিয়ারপুর, সুলেমানপুর, বিছরাকান্দা গ্রাম বা তার আশপাশে সুবিধাজনক স্থানে ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণ হলে জনগণ দুর্ভোগ থেকে রেহাই পাবে।’
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘একটি ছোট ঘরে পরিষদের কার্যক্রম পরিচালনা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই মধ্যনগর ইউনিয়নের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণ সময়ের দাবি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য জায়গা পাওয়া গেলে যে সকল ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই, সেই সকল ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হবে।’

  • [১]