- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এখনও গ্যাস নেই ধারারগাঁওয়ে

স্টাফ রিপোর্টার
গত বন্যায় গ্যাসের পাইপ ছিদ্র হয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে ধারারগাঁও ও নবীনগরের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে নবীনগরের গ্যাস লাইন চালু করা হলেও ধারারগাঁও গ্রামের গ্রাহকরা মাসাধিক কাল যাবৎ গ্যাস পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। এেিদক ক্ষতিগ্রস্ত গ্যাসপাইপগুলো মেরামতের কোন উদ্যোগ নেয়া হয়নি। ইসলামিয়া স মিলের পাশে গ্যাসের পাইপ দিয়ে এখন বুদবুদ আকারে ক্রমাগত   গ্যাস নির্গত হচ্ছে।  এলাকাবাসী ও পথচারীরা এই সড়ক দিয়ে আশংকাজনক অবস্থায় চলাচল করছেন।
এলাকার ‘স’মিল ব্যবসায়ী তাপস দাস ও হিরা লাল দাস বলেন, ‘বন্যার পর থেকে এই গ্যাস বেরুতে  শুরু হয়েছে। দিনে দিনে গ্যাস বের হওয়ার মাত্রা বাড়ছে।’
মন্টু বর্মণ ও বিপুল সরকার বলেন, ‘এই গ্যাস বেরুনো থেকে যেকোনো সময় আগুন লেগে যাওয়ার আশংকা রয়েছে। কয়েকদিন ধরে গ্যাস বেরোচ্ছে, গ্যাসের গন্ধ পাচ্ছি।’
ধারারগাঁও গ্রামের আব্দুল ওয়াহাব বলেন, ‘আমরা গ্যাস লাইন ছিদ্র হওয়ার পর গ্যাস অফিসের লোকজনকে খবর দিয়ে এনেছিলাম। সামান্য মেরামত কাজ করে চলে যান তারা। আর আসেননি। এখন পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ।’
জালাবাদ গ্যাস অফিসের ম্যানেজার মো. সুরুজ্জামান বলেন, ‘আমরা বিষয়টি সিলেটে জানিয়েছি। তারা দেখেও গেছেন। কয়েক দিনের মধ্যে মেরামত করা হবে।’ ধারারগাঁওয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, ‘এটাও কিছুদিনের মধ্যে সমাধান হবে।’

  • [১]