স্টাফ রিপোর্টার
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি এবং সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টায় ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে পদযাত্রা সহকারে ট্রাফিক পয়েন্টে গিয়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি সেজু আহমেদ, সহ-সভাপতি তাওসিফ মোনাওয়ার, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ অপু, সোহানুর রহমান সোহান, সামাজিক সংগঠন স্বপ্নাদর্শ’র সভাপতি নাযরা-তান-নাঈম সালওয়া, রংধনু’র সভাপতি মোমেন তালুকদার, ল্যাঙ্গুয়েজ ক্লাবের সম্পাদক আশরাফুল আলম, বিলাল হোসেন, শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি, মিনহা আক্তার নিপু, আলেক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এডিসি শাহরিয়ার সুনামগঞ্জে যোগদান করার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তনের জাগরণ তৈরি করেছেন। শিক্ষার মানোন্নয়নে ঐকান্তিক প্রচেষ্টা নিয়ে কাজ করে গেছেন তিনি। সুদক্ষ, যোগ্য এ কর্মকর্তা যে চঞ্চলতার ঢেউ বইয়ে দিয়েছেন তা থামতে দেয়া যাবে না।
প্রসঙ্গত, ডিবেটিং সোসাইটি, স্বপ্নাদর্শ, রংধনু ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এডিসি শাহরিয়ারের অনুপ্রেরণায় গঠিত হয়েছে। সুনামগঞ্জ সরকারি কলেজ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও মানবন্ধনে একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, কিছুদিন আগে মনজুর মোহাম্মদ শাহরিয়ার মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি হন। ১০ জুলাই সুনামগঞ্জ থেকে অবমুক্ত হবার কথা রয়েছে তার।