- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এনবিআর চেয়ারম্যান ডলুরা শুল্কস্টেশন পরিদর্শনে আসছেন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরায় পুনরায় শুল্ক স্টেশন চালু করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এই লক্ষ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনার অফিস ও সুনামগঞ্জ     
চেম্বার অব কমার্স।
ডলুরা এলাকায় শুল্ক স্টেশনের প্রাথমিক অবকাঠামো নির্মাণ ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ-ভারত দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কাস্টম কর্মকর্তারা যৌথ সভার পর শুল্ক স্টেশনটি পরিদর্শনে আসছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। আগামীকাল শুক্রবার সকালে তিনি ডলুরা শুল্ক স্টেশনটি পরিদর্শন করবেন তিনি।
ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শন উপলক্ষে বুধবার দুপুরে ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, সিলেট কাস্টম, এক্সাইজ ও ভ্যাট অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল আলম, যুগ্ম কমিশনার মো. মাহবুবুল মোর্শেদ, সুনামগঞ্জ কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ডিভিশনের সহকারি কমিশনার সোহেল রানা, সুনামগঞ্জ কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ডিভিশনের আয়কর সহকারি দাউদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, সদর উপজেলা যুবলীগ নেতা জেবুল মিয়া প্রমুখ।
চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান শুক্রবার সকালে ডলুরা শুল্ক স্টেশন পরিদর্শনের পর তিনি টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চেম্বার অব কর্মাসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে রাজস্ব সংলাপ করবেন।  
উল্লেখ্য, সুনামগঞ্জের ডলুরায় ১৯৯৯ সালে একবার পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য শুল্কবন্দর চালু করতে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেও সীমান্তের ওই পাড়ের আড়াই কিলোমিটার সড়ক নির্মিত না হওয়ায় আমদানী রপ্তানী করা হয়নি। এর মধ্যেই (২০০৮ সালে) সীমান্তের ওপারের সড়ক নির্মাণ এবং এপারে নৌ ও সড়ক পথের সুবিধা হয়েছে। ডলুরা শুল্ক স্টেশন চালুর জন্য চেম্বার অব কমার্স দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়ে আসছে।

  • [১]