সু.খবর ডেস্ক
বর্তমান সরকার সব ক্ষেত্রেই চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘ব্যর্থতা ঢাকতেই একতরফা আইন করে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়েছেন, গণতন্ত্রের দেহে ছুরি চালিয়ে ক্ষতবিক্ষত করেছেন।’আর এখন ‘এনেসথাসিয়া হিসেবে আকাশ-বাতাস-মৃত্তিকায় নির্বাচনী আওয়াজ তুলে দেশের মধ্যে ফটকা আনন্দলহরি জাগিয়ে তুলে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর প্রচেষ্টায় নিয়োজিত হয়েছেন।’ শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। তিনি বলেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবাধ-সুষ্ঠু ও সবার অংশগ্রহণ চায় কি না তা নিয়ে এখনও জনমনে ব্যাপক সংশয় রয়েছে। সরকার ভরাডুবির ভয়ে নানা প্রহসন আরা নকশা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। তবে সন্ত্রাসের ‘নির্মাণ ও বিপণন’ করে আগামী জাতীয় নির্বাচনে সরকার ভোট ডাকাতির কোন সুযোগ পাবে না বলেও জানিয়ে দেন রিজভী। তিনি বলেন, ‘আগামী দিনে আওয়ামী ঝুড়িতে অবৈধ ভোট ভরার জন্য কোন নীল-নকশা বা অভিনব ইঞ্জিনিয়ারিং বাস্তবায়িত হতে দেবে না জনগণ।’
গত সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে না হলেও আগামী নির্বাচন ‘নিরপেক্ষ’ সরকারের অধীনেই হবে বলে ঘোষণা দেন তিনি।
২০০৯ সালে আওয়ামী ক্ষমতা নেয়ার পর থেকে ক্ষমতাসীনদের লুটপাট আর দুর্নীতি ইতিহাসে নজিরবিহীন বলেও দাবি করেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘লুটপাটের কারণে বাংলাদেশ ব্যাংকসহ সমস্ত আর্থিক খাত আজ শূন্য গহব্বর হয়ে গেছে। সমাজের প্রতিটি সেক্টরে দুর্নীতি বাসা বেঁধেছে। জোর জবরদস্তি করে মানুষের সম্পদ দখল আওয়ামী লীগের নেশায় পরিণত হয়েছে।’
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। বলেন, ঘোষণা দিয়েও রমজানে পণ্যমূল্য বৃদ্ধি ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার।
২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাখ্যা দিয়ে তিনি ব্যাংক লেনদেনে এক লাখ টাকার বেশি হিসাবে আবগারি শুল্ক আরোপের সমালোচনা করেন। বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপেরও সমালোচনা করেন রিজভী। নিত্য পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।