- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধকল্পে নির্দেশনা

সু.খবর ডেস্ক
জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এন্টিবায়োটিকের যথাযথ ব্যবহার নিশ্চিতে ঔষধ প্রশাসন অধিদফতর থেকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিশ্বজুড়ে মারাত্মক রূপ ধারণ করেছে। ফলে রোগ নিরাময়ের পরিবর্তে রোগ দীর্ঘস্থায়ীসহ নানাবিধ শারীরিক জটিলতা সৃষ্টি হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
তথ্যবিবরণীতে বলা হয়, যখন কোনো  এন্টিবায়োটিক কোনো জীবাণুর বিরুদ্ধে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অকার্যকর হয় বা জীবাণুনাশে বা প্রতিরোধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয় তখন জীবাণুগুলো উক্ত এন্টিবায়োটিকের প্রতি প্রতিরোধী (রেজিস্ট্যান্স) হয়ে ওঠে। তাই জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা অতীব জরুরি।
এতে জানানো হয়, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধকল্পে করণীয় বিষয়গুলো হলো শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক নিয়মিত এন্টিবায়োটিক সেবন বা গ্রহণ করা; ব্যবস্থাপত্রে উল্লিখিত সময় ও নির্দেশনা অনুযায়ী এন্টিবায়োটিক সেবন বা গ্রহণ করা; শারীরিকভাবে সুস্থ অনুভব করলেও এন্টিবায়োটিকের পূর্ণকোর্স সম্পন্ন করা; কোনও কারণে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেয়া; সকল এন্টিবায়োটিক নির্দেশিত তাপমাত্রায় সংরক্ষণ করা; নিয়মিত হাতধোয়া; প্রতিনিয়ত অসুস্থ রোগীর সংস্পর্শে না থাকা এবং সময়মত সবগুলো টিকা গ্রহণের মাধ্যমে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা উল্লেখ্য।
তথ্যবিবরণীতে বলা হয়, খুচরা ওষুধ বিক্রয়কারীদের প্রতি নির্দেশনা হলো রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো এন্টিবায়োটিক বিক্রয় না করা; রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্রে উল্লিখিত পূর্ণকোর্স এন্টিবায়োটিক বিক্রয় করা; এন্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের রেজিস্টার এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা; বিক্রয়কৃত এন্টিবায়োটিকের ব্যাচ নম্বর উল্লেখপূর্বক ক্যাশ মেমো প্রদান করা; সকল এন্টিবায়োটিক নির্দেশিত তাপমাত্রায় যথাযথভাবে সংরক্ষণ করা এবং এন্টিবায়োটিকসহ কোনো মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় না করা উল্লেখযোগ্য।

  • [১]