- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এভাবে চলে যাবেন ভাবিনি

বজলুল মজিদ চৌধুরী খসরু
সুরেশ দার সাথে আমার পরিচয় স্বাধীনতার আগে। আমরা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কর্মী ছিলাম। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সম্মেলনে ঢাকায় গিয়ে জানতে পারি সুনামগঞ্জের একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আছেন। প্রথম পরিচয়েই জানতে পারলাম তিনি সুরেশ চন্দ্র দাশ, বাড়ি সুনামগঞ্জের শাল্লা থানায় (তৎকালীন) । তখন তিনি জগন্নাথ হল ছাত্র ইউনিয়নের সভাপতি। বৃহত্তর সিলেটে সুরেশ দা ও নূরুল ইসলাম নাহিদ (বর্তমানে  শিক্ষামন্ত্রী) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। আমার তখন সাংবাদিকতার হাতেখড়ি। দৈনিক সংবাদ পত্রিকায় খবর পাঠাই, খবরগুলো সংবাদদাতা হিসেবে তারা ছাপলেও আমাকে কোন নিয়োগপত্র দেয়নি বা নিজস্ব সংবাদদাতা হিসাবে খরবগুলো ছাপতো না। আমি বিষয়টি সুরেশ দা’কে বলায় তিনি আমাকে নিয়ে সংবাদ অফিসে যান। সেখানে সংবাদে কর্মরত শ্রদ্ধেয় সন্তোষ গুপ্তের সাথে পরিচয় করিয়ে দেন। ঐদিনই সুরেশ দা’র সাহায্যে আমি নিজস্ব সংবাদদাতা হিসাবে নিয়োগপত্র পাই।
১৯৭১ এর মুক্তিযুদ্ধে সুরেশ দা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন এটা আমরা সবাই জানি।। জগন্নাথ হলে আহত হওয়ার পরেও তিনি নিজ এলাকায় এসে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। দিরাই-শাল্লা এলাকায় প্রখ্যাত সাংবাদিক সালেহ চৌধুরী, সুরেশ দা, নজরুল ইসলাম এবং সুরঞ্জিত সেনগুপ্ত মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন। তাদের নেতৃত্বেই দিরাই এবং শাল্লা থানার সকল অস্ত্র বের করে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়। ভারতের লাওভা ইয়ত ক্যাম্পে রাজনৈতিক মটিভেটর হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সুরেশ দাকে নিয়ে অনেক স্মৃতি আছে। বহুবার ঢাকাতে সুরেশদার সাথে গিয়েছি। ঢাকায় কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সুরেশ দার এতো বেশি জানাশোনা ছিল যেটা আমাদের কারো ছিল না। বর্তমান মন্ত্রী, মতিয়া চৌধুরী, নূরুল ইসলাম নাহিদ, আসাদুজ্জামান নূর এরা ছিলেন সুরেশ দা’র ব্যক্তিগত বন্ধু। তাছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এরা সুরেশ দাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন। তাৎক্ষণিকভাবে অনেক কিছুই মনে আসছে না। তবে সুরেশ দাকে নিয়ে আগামীতে একটা লেখা দেয়ার ইচ্ছা আছে। সদালাপি সুরেশ দার সাথে আজকেও আদালতে বসে গল্প গুজব করেছি। এভাবে তিনি চলে যাবেন সেটা কখনও ভাবিনি।
লেখক: সিনিয়র আইনজীবী ও মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক।

  • [১]