- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমদাদুলসহ তিনজনকে অভিযুক্ত করে চার্জসিট

স্টাফ রিপোর্টার
শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বহুল আলোচিত ৮ মাসের অন্তঃসত্বা আয়েশা খানম ডলি হত্যা মামলায় আবারো তার স্বামী এমদাদুল হকসহ তিন জনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জসিট দাখিল করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ (সিআইডি)।
গত ১৭ মার্চ বৃহস্পতিবার সম্পূরক চার্জসিটে স্বাক্ষর করেছেন মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডি হবিগঞ্জ জোনের সহকারি পুলিশ সুপার বসু দত্ত চাকমা। গত ১৯ মার্চ রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ আদালতে চার্জসিট দাখিল করেন তিনি।
সম্পূরক চার্জসিটে এমদাদুল হকের স্ত্রী আয়েশা খানম ডলিকে হত্যা অভিযোগের ঘটনায় এমদাদুল হকের বড় ভাই আব্দুল অদুদের দায়ের করা মামলার সকল আসামীকে অব্যাহতি প্রদানের জন্য  আবেদন করা হয়েছে।
সম্পূরক চার্জসিটে আয়েশা খানম ডলির স্বামী এমদাদুল হক, কুমিল্লার তিতাস উপজেলার কাপসকান্দি গ্রামের মৃত কাদির চেয়ারম্যানের ছেলে মো. আমির হোসেন (৩৫) (এমদাদুল হকের বন্ধু বলে পরিচিত) ও ষোলঘরের আ. নূরের ছেলে জাহাঙ্গীর আলম রনি (২৬) কে (এমদাদুল হকের বাড়ির কেয়ারটেকার) অভিযুক্ত করা হয়েছে। সম্পূরক চার্জসিটে বলা হয়েছে ৮ মাসের অন্তঃসত্বা আয়েশা খানম ডলি তার স্বামী এমদাদুল হকের ধারালো বটির (দা) দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
তবে এমদাদুল হক সিআইডির সম্পূরক চার্জসিটকে সম্পূর্ণ মিথ্যা ও একপেশে একটি মনগড়া চার্জসিট দাবি করে বলেন,‘তদন্ত কর্মকর্তা আমার ও আমার স্বাক্ষীদের সাথে কোন ধরনের কথাবার্তা না বলেই ইচ্ছাখুশি একটি চার্জসিট দিয়েছেন। এর আগের চার্জসিটও ছিল মিথ্যা চার্জসিট। কারণ ওই কর্মকর্তা এই মামলার তদন্ত কর্মকর্তাই ছিলেন না। এছাড়া আমরা মামলাটি সিআইডিতে স্থানান্তরের জন্য কোন ধরনের আবেদন করিনি। বাদীর স্বাক্ষর জাল করে সিআইডিতে আবেদন করা হয়েছিল। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষরও সে সময় জাল করা হয়েছিল। বাস্তব ও সত্য ঘটনাকে আড়াল করে এই চার্জসিট দেয়া হয়েছে। আমরা এই চার্জসিটের বিরুদ্ধে নারাজী দেব।’
সিআইডির সম্পূরক চার্জসিটে মামলার আসামী আব্দুস সালাম, রেজাউল, পৌরসভার বর্তমান প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, সুনু মিয়া, আব্দুল বাছেদ তাহিন, জুনেদ আহমদ, খোকন মিয়া, তোতা মিয়া, মাহতাব উদ্দিন ও জাহিদ আলীর বিরুদ্ধে এই মামলার ঘটনায় জড়িত থাকার কোন প্রকার সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। একই সাথে ওই ১০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের সবাইকে মামলার দায় হইতে অব্যাহতি প্রদানের জন্য বলা হয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘সম্পূরক চার্জসিটের বিষয়ে গত সপ্তাহে তদন্ত কর্মকর্তা সিআইডি হবিগঞ্জ জোনের সহকারি পুলিশ সুপার মহোদয় আমার সাথে কথা বলেছেন। জানতে পেরেছি ওই সম্পূরক চার্জসিটটি সংশ্লিষ্ট আদালতে তিনি দাখিল করেছেন।’  
সুনামগঞ্জ কোর্ট পরিদর্শক জালাল উদ্দিন ভুইয়া সংশ্লিষ্ট আদালতে মামলার সম্পূরক চার্জসিট দাখিল করা করা হয়েছে বলে দৈনিক সুনামগঞ্জের খবরের কাছে স্বীকার করেছেন।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ৬ অক্টোবর ভোর রাতে এমদাদুল হকের স্ত্রী ৮ মাসের অন্তঃসত্বা ডলি বেগম দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ১৪ অক্টোবর মৃত পুত্র সন্তান প্রসব করেন এবং ১৭ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় এমদাদুল হকের বড় ভাই আব্দুল অদুদ বাদী হয়ে আব্দুস সালাম, রেজাউল হক, হোসেন আহমদ রাসেল ও সুনু মিয়াকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বাদী পক্ষের দাবির প্রেক্ষিতে মামলাটি পুলিশের অপরাধ দমন বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডির সিলেট জোনের সহকারি পুলিশ সুপার মেহেরুন্নেছা পারুল গত বছরের ৪ ফেব্রুয়ারি এমদাদুল হক, জাহাঙ্গীর আলম রনি ও মো. আমির হোসেনকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট আদালতে একটি চার্জসিট দাখিল করেন। পরে আবারো বাদিপক্ষ ওই চার্জসিটের উপর নারাজি দিয়ে অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডির অতিরিক্ত আইজিপিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে দীর্ঘ তদন্ত শেষে সিআইডির তদন্ত কর্মকর্তা সিআইডি হবিগঞ্জ জোনের সহকারি পুলিশ সুপার বসু দত্ত চাকমা ওই তিনজনের বিরুদ্ধেই আদালতে সম্পূরক চার্জসিট দাখিল করেন।

  • [১]