- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

এমন ভণ্ড দুর্বৃত্তদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে

শহরের একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রি যাপনের পর স্ত্রী পরিচয়ধারী চুমকি বেগমের হত্যার কোন রহস্য উদঘাটিত হয়নি তিন দিনেও। নিহত চুমকির মা থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু প্রধান আসামী চুমকির স্বামীকে আটকের ব্যাপারে কোন অগ্রগতি নেই। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, নিহত চুমকি এবং তার স্বামী নাট্যকর্মের সাথে জড়িত ছিলেন। একসাথে কাজ করার ফলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পরষ্পর বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাধা আসে চুমকি ও স্বামী মহিম ইসলামের পরিবারের পক্ষ থেকে। পরবর্তীতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর নানা বিষয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হতে থাকে। এক পর্যায়ে চুমকি তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন বলেও একটি স্থানীয় সংবাদপত্রে তথ্য দেয়া হয়েছে। এদিকে বিবাহিত জীবনে তারা আর্থিক অনটনের সন্মুখিন হয়েছিলেন বলেও জানা যায়। যদিও এ পর্যন্ত খুনের কোন প্রত্যক্ষদর্শী নেই তবুও পারিপার্শ্বিক আলামত বিবেচনায় এটিকে ঠান্ডা মাথায় খুন ভিন্ন আর কিছু ভাবার অবকাশ নেই। শহরের কোন আবাসিক হোটেলে খুনের ঘটনা এটাই প্রথম। সুতরাং এটিকে অবজ্ঞা করার অবকাশ নেই।
এই খুনের ঘটনায় কয়েকটি বিষয় আমাদের মনে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে খুনের মোটিভ বুঝা একই সাথে প্রধান অভিযুক্তকেও আটক করা সম্ভব হতে পারে। প্রথমত চুমকির স্বামী পরিচয়ধারী মহিম ইসলামের পরিচয় উদঘাটন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে পশ্চিম তেঘরিয়ার অধিবাসী এবং তার পিতার নাম ফুল মিয়া উল্লেখ করা হলেও এলাকার কাউন্সিলর বলেছেন এটি ঠিক নয়। বিয়ের পর পরিবারে জায়গা না হওয়ায় তাদেরকে শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওইসব এলাকার কেউ তাকে সঠিকভাবে সনাক্ত করতে পারেননি। মহিম ইসলামের এই পরিচয় নিয়ে সৃষ্ট ধূ¤্রজালের অবসান ঘটানো উচিৎ। তার পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাকে আটক করতে বিশেষ বেগ পেতে হবে না। দ্বিতীয়ত বৃহস্পতিবার মহিম ও চুমকি কেন হোটেলে রাত্রি যাপন করতে গিয়েছিল সেই প্রশ্নেরও মিমাংসা করা দরকার। ঘটনা বিশ্লেষণে দেখা যায় শুক্রবার সকালে নাস্তা আনার কথা বলে সেই যে মহিম হোটেল থেকে বেরিয়েছিল তারপর সে আর হোটেলে ফিরে আসেনি। পরে হোটেল কর্তৃপক্ষের তৎপরতায় পুলিশ তালাবদ্ধ কক্ষ থেকে চুমকির লাশ উদ্ধার করে। সংবাদ মাধ্যমে চুমকির মৃতদেহের যে বর্ণনা দেয়া হয়েছে সেটির সাথে মহিমের পলায়ন যুক্ত করলে বুঝতে অসুবিধা হয় না যে, এই খুনের সাথে সেই জড়িত। তৃতীয়ত চুমকির লাশের ময়নাতদন্ত রিপোর্ট। এই রিপোর্ট পাওয়া গেলে স্পষ্ট হবে তাকে হত্যা করা হয়ে থাকলে কীভাবে হত্যা করা হয়েছে। সুতরাং আইন-শৃঙ্খলা বাহিনীকে মহিমকে গ্রেফতার ও ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহ করার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
চুমকি এবং মহিমের বিয়ে, মনোমালিন্য, তাদের কর্মক্ষেত্র, চলাফেরা, সর্বশেষে একজন নির্মমভাবে খুন হওয়া থেকে সমাজের এক ধরনের অবক্ষয়ের পরিচয় মিলে। তারা নাটকের সাথে জড়িত ছিলেন। সংস্কৃতি জগতের কেউ কখনও আরেকজনকে খুন করার মতো দুর্রিনীত হতে পারে না। চুমকির খুন হওয়া থেকে প্রমাণিত হয় মহিম মূলত একনিষ্ট সংস্কৃতিকর্মী ছিল না। হয়তো এটি তার ভেক ছিল। এই পরিচয়কে সে কাজে লাগাত নানা ধান্দায়। শেষ পর্যন্ত সে তার নিজের বিবাহিত স্ত্রীকে বছর পেরোনোর আগেই পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করল। এমন ভ- দুর্বৃত্তদের তাই কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।    

  • [১]